৮ অগ্রহায়ণ, ১৪৩৩
২৩ নভেম্বর, ২০২৬
News Banner

রাজনীতির উত্তাপে বাড়ছে উদ্বেগ, অনিশ্চয়তায় মানুষের জীবন

Admin Published: November 22, 2026, 11:05 pm
রাজনীতির উত্তাপে বাড়ছে উদ্বেগ, অনিশ্চয়তায় মানুষের জীবন

নুরুজ্জামান : একটি বাড়ি পুড়ে গেলে শুধু দেয়াল কিংবা আসবাবপত্র ছাই হয় না, পুড়ে যায় একটি পরিবারের বহু বছরের সঞ্চয়, স্বপ্ন ও নিরাপদে বেঁচে থাকার আশ্রয়। একটি মানুষ প্রাণ হারালে থেমে যায় একটি পরিবারের স্বাভাবিক জীবন। আর একটি কারখানা বন্ধ হলে অনিশ্চিত হয়ে পড়ে শত শত শ্রমিকের সংসার। দেশের বর্তমান পরিস্থিতি যেন এমনই এক উদ্বেগজনক বাস্তবতার প্রতিচ্ছবি।দেশের পত্র-পত্রিকা এবং সামাজি যোগাযোগ মাধ্যমে চোখ মেল্লেই এখন দেখা যাচ্ছে, ঘরবাড়িতে আগুন, রাজপথে রক্ত, বন্ধ কারখানা, কোন-কোন স্থানে দাঁড়িয়ে আছে নির্বিকার সাধারণ মানুষ ? রাজনৈতিক সংঘাত, অগ্নিসংযোগ, প্রাণহানি, শ্রমিক অসন্তোষ ও শিল্পকারখানায় উৎপাদন ব্যাহত হওয়া-সব মিলিয়ে সাধারণ মানুষের জীবনে বাড়ছে অনিশ্চয়তা। প্রতিদিন ঘর থেকে বের হওয়া মানুষ গুলোর কাছে নিরাপদে বাড়ি ফেরাই এখন বড় প্রত্যাশা হয়ে দাড়িয়েছে।


২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর মানুষ নতুন করে রাজনৈতিক-সংস্কৃতির স্বপ্ন দেখেছিল। প্রত্যাশা ছিল-প্রতিহিংসার রাজনীতির অবসান, আইনের শাসন প্রতিষ্ঠা এবং নাগরিকের নিরাপত্তা নিশ্চিত হওয়া। কিন্তু রাজনৈতিক সংঘাত ও সহিংসতার নানা ঘটনা সেই প্রত্যাশাকে এখন প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (HRSS) হিসাব অনুযায়ী, ২০২৬ সালের প্রথম নয় মাসে দেশে ১ হাজার ১৩টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন অন্তত ৭৩ জন, আহত হয়েছেন ৬ হাজার ৪৭৩ জন। নভেম্বরের ১৪ থেকে ১৯ তারিখ পর্যন্ত বিভিন্ন জেলায় সংঘর্ষ ও অগ্নিসংযোগে অন্তত 10 জন নিহত হওয়ার খবর প্রকাশিত হয়েছে। এই সহিংসতার প্রভাব শুধু রাজনীতিতে সীমাবদ্ধ নেই। আতঙ্কে দোকানপাট বন্ধ হচ্ছে, যান চলাচল ব্যাহত হচ্ছে, কর্মস্থলে যেতে ভয় পাচ্ছেন সাধারণ মানুষ। রাজনৈতিক পরিচয় না থাকলেও তাঁদের জীবন ও জীবিকা ক্ষতিগ্রস্ত হচ্ছে।


অন্যদিকে, দেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি তৈরি পোশাকশিল্পেও বাড়ছে উদ্বেগ। শ্রমিক অসন্তোষ ও শিল্পাঞ্চলের অস্থিরতায় ব্যাহত হচ্ছে উৎপাদন। ২০ নভেম্বরের দ্য ডেইলি স্টারের প্রতিবেদন অনুযায়ী, সেদিন ১৪৭টি পোশাক কারখানায় উৎপাদন বন্ধ ছিল। এর আগে ২ নভেম্বর ৬৯০টি পোশাক কারখানায় উৎপাদন বন্ধ হয়েছিল। এতে ১৭ লাখের বেশি শ্রমিক প্রভাবিত হন। অন্যদিকে, বাণিজ্যমন্ত্রীর তথ্য অনুযায়ী, ২০২৩ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত তিন বছরে দেশে ৪০২টি পোশাক কারখানা বন্ধ হয়েছে। এসব কারখানার সঙ্গে জড়িত বহু শ্রমিক কর্মসংস্থান হারিয়েছেন। (সূত্র: দ্য ডেইলি স্টার ও দ্য বিজনেস স্ট্যান্ডার্ড)।


একজন পোশাক শ্রমিকের কাছে কয়েক দিনের কাজ বন্ধ থাকাও বড় সংকট। মাসের সামান্য বেতনে যাঁর সংসার চলে, সন্তানের পড়াশোনা ও চিকিৎসার খরচ মেটে, তাঁর কাছে চাকরি হারানো মানে পুরো পরিবারকে অনিশ্চয়তার মুখে ঠেলে দেওয়া। অন্যদিকে, শিল্পমালিকদেরও রয়েছে উৎপাদন ব্যয় ও আন্তর্জাতিক বাজারের প্রতিযোগিতার চাপ। ফলে সংকটের প্রভাব ছড়িয়ে পড়ছে দেশের অর্থনীতি ও সামাজিক জীবনে।


এখানেই রাষ্ট্র ও রাজনীতির দায়িত্বের প্রশ্নটি সামনে আসে। রাজনৈতিক মতপার্থক্য থাকবে, ক্ষমতার প্রতিযোগিতা থাকবে, শ্রমিকদের দাবি থাকবে। কিন্তু এসব বিরোধের সমাধান যদি সংঘাত, ভাঙচুর কিংবা অগ্নিসংযোগের মধ্য দিয়ে হয়, তাহলে শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হবে দেশ ও দেশের মানুষ।একটি গণতান্ত্রিক রাষ্ট্রে বিরোধ নিষ্পত্তির পথ হওয়া উচিত আলোচনা, সংলাপ ও আইনি প্রক্রিয়া। অপরাধীর কোন রাজনৈতিক পরিচয় নয়, অপরাধই হওয়া উচিত বিচারের ভিত্তি। নাগরিকের নিরাপত্তা, শ্রমিকের ন্যায্য অধিকার এবং শিল্পের স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব।


বাংলাদেশের মানুষ এমন রাজনীতি চায়, যেখানে প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করার প্রতিযোগিতা নয়, মানুষের জীবনমান উন্নয়নের প্রতিযোগিতা থাকবে। তারা এমন রাষ্ট্র চায়, যেখানে কেউ রাজনৈতিক পরিচয়ের কারণে নিরাপত্তাহীনতায় ভুগবে না, শ্রমিক কাজ হারানোর আতঙ্কে দিন কাটাবে না, ব্যবসায়ী নিজের প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে শঙ্কিত থাকবেন না।


প্রশ্ন হচ্ছে, আমরা কি সেই বাংলাদেশ গড়তে পারছি ? যে দেশের মানুষ স্বাধীনতা ও অধিকারের জন্য সংগ্রাম করেছে, সেই দেশের মানুষ কেন এখনো ঘরবাড়ি, জীবিকা ও প্রাণের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন থাকবে ? রাজনীতির উত্তাপ একসময় কমে যাবে, ক্ষমতার সমীকরণও বদলাবে। কিন্তু পুড়ে যাওয়া ঘর ফিরে আসবে না, হারিয়ে যাওয়া প্রাণ ফিরবে না, বেকার শ্রমিকের সংসারের অনিশ্চয়তাও একদিনে কাটবে না। তাই এখন সময় প্রতিহিংসা নয়, দায়িত্বশীলতার, সংঘাত নয়, সংলাপের। ক্ষমতার প্রদর্শন নয়, মানুষের পাশে দাঁড়ানোর।


কারণ দেশ মানে শুধু একটি মানচিত্র নয়, দেশ মানে এ দেশের মানুষ। মানুষের জীবন যদি নিরাপদ না হয়, জীবিকা যদি অনিশ্চিত থাকে, তাহলে উন্নয়নের সব হিসাবই অর্থহীন হয়ে যায়। বাংলাদেশের মানুষ আগুন, সংঘাত কিংবা অনিশ্চয়তা চায় না। তারা চায় শান্তিতে ঘুমাতে, নিরাপদে কর্মস্থলে যেতে, দিন শেষে পরিবারের কাছে ফিরতে। তারা এমন একটি বাংলাদেশ চায়, যেখানে মানুষ শুধু বেঁচে থাকবে না, নিরাপদে, সম্মানের সঙ্গে এবং স্বপ্ন নিয়ে বাঁচতে পারবে।