ডিএনএন ডেস্ক: জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি করায় রাজশাহী মহানগর ছাত্রদল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর গণকপাড়া এলাকা থেকে এ বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি নগরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে ক্ষুব্ধ নেতাকর্মীরা রাশেদ প্রধানের ছবিতে জুতার মালা পরিয়ে কুশপুত্তলিকা দাহ করেন।
সমাবেশে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে রাশেদ প্রধানের করা কটূক্তি দেশের রাজনৈতিক সংস্কৃতি ও শালীনতার পরিপন্থী। তারা অভিযোগ করেন, এ ধরনের বক্তব্য শুধু ব্যক্তিকে নয়, বরং রাষ্ট্রের মর্যাদাকেও ক্ষুণ্ন করে। বক্তারা বলেন, আমাদের নেতা এবং প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে নিয়ে যে ধরনের কটূক্তি করা হয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এতে নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বক্তারা দাবি করেন, তারেক রহমান দেশের উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কিন্তু একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে নিয়ে অপপ্রচার ও কটূক্তি চালিয়ে যাচ্ছে, যা দেশের অগ্রযাত্রাকে ব্যাহত করার ষড়যন্ত্রের অংশ।
এ সময় অবিলম্বে রাশেদ প্রধানকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিন রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ। এছাড়াও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।