স্টাফ রিপোর্টার: রাজশাহীতে অনুষ্ঠিত এ্যাডভোকেসী সভায় শিশুর সুরক্ষা ও যৌন শোষণ প্রতিরোধের তাগিদ দেওয়া হয়েছে। বলা হয়, দুর্যোগের সময় পরিবার ও সামাজিক সুরক্ষাব্যবস্থা ভেঙে পড়লে শিশুরা যৌন শোষণ ও নির্যাতনের সর্বাধিক ঝুঁকিতে পড়ে। এ পরিস্থিতিতে শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
বুধবার দুপুরে রাজশাহীর হোটেল ওয়ারিশানের হলরুমে অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) আয়োজিত এক অ্যাডভোকেসি সভায় বক্তারা এসব কথা বলেন।
দুর্যোগ ও মানবিক সংকটকালে শিশুর সুরক্ষা নিশ্চিত করা এবং শিশুদের যৌন শোষণ প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়। এসিডি দ্য অ্যালায়েন্স ফর চাইল্ড প্রোটেকশন ইন হিউম্যানিটারিয়ান অ্যাকশনের সহযোগিতায় রাজশাহীতে চাইল্ড প্রোটেকশন ইন হিউম্যানিটারিয়ান অ্যাকশন (সিপিএইচএ) টেকনিক্যাল হাব ইনিশিয়েটিভ বাস্তবায়ন করছে।
সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা. সবুর আলী। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক ইসরাত জাহান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মঞ্জুরুল কাদির, শিক্ষাবিদ অধ্যাপক ড. দীপকেন্দ্রনাথ দাস, সুজনের সভাপতি সফিউদ্দিন আহমেদ, নারী অধিকারকর্মী আলিমা খাতুন লিমা, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) বিশেষ সংবাদদাতা ড. আইনুল হক এবং এটিএন বাংলার স্টাফ রিপোর্টার সুজাউদ্দিন ছোটন।
এসিডির সিপিএইচএ টেকনিক্যাল হাবের ফোকাল পয়েন্ট সুব্রত কুমার পাল সভাটি সঞ্চালনা করেন এবং বিকল্প ফোকাল পয়েন্ট মোছা. মানতাকা আক্তার সমন্বয়কের দায়িত্ব পালন করেন।
প্রধান অতিথি মোহা. সবুর আলী বলেন, “শিশুর নিরাপত্তা নিশ্চিত করা কোনো একক প্রতিষ্ঠানের দায়িত্ব নয়, এটি আমাদের সবার সম্মিলিত দায়িত্ব। দুর্যোগের সময় আশ্রয়কেন্দ্রে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয় করে কাজ করে যাচ্ছে।”
সভায় ২০১৯ সালের চাইল্ড প্রোটেকশন ইন হিউম্যানিটারিয়ান অ্যাকশন (সিপিএমএস)-এর ২৮টি নূূন্যতম মানদন্ডের আলোকে শিশু সুরক্ষার বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। বিশেষ করে নবম মানদন্ডের যৌন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ, ঝুঁকি হ্রাস এবং প্রয়োজনীয় সাড়াদানের ওপর গুরুত্বারোপ করা হয়। শিশুর সর্বোত্তম স্বার্থ, বৈষম্যহীনতা, শিশুর অংশগ্রহণ এবং ক্ষতি না করার নীতিও আলোচনায় গুরুত্ব পায়।
বক্তারা বলেন, দুর্যোগকালে শিশুদের সুরক্ষায় নিরাপদ অভিযোগ গ্রহণ ও রেফারেল ব্যবস্থা, শিশু-বান্ধব কেস ম্যানেজমেন্ট এবং ১০৯৮, ১০৯ ও ৯৯৯ হেল্পলাইন সম্পর্কে জনসচেতনতা বাড়ানো জরুরি। পাশাপাশি আশ্রয়কেন্দ্রে পর্যাপ্ত আলো, নারী ও শিশুদের জন্য পৃথক নিরাপদ স্থান এবং স্বাস্থ্যসম্মত শৌচাগারের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।শিক্ষাপ্রতিষ্ঠানে শিশু সুরক্ষা নীতিমালা, ব্যক্তিগত নিরাপত্তাবিষয়ক শিক্ষা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের যথাযথ যাচাইয়ের ওপরও গুরুত্ব দেওয়া হয়।
মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক ইসরাত জাহান বলেন, নির্যাতনের শিকার শিশু ও তাদের পরিবারের জন্য দ্রুত সহায়তা ও প্রয়োজনীয় সেবায় সংযুক্তি নিশ্চিত করতে হবে। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মঞ্জুরুল কাদির শিশুদের বিপদে ১০৯৮ ও ১০৯ নম্বরে যোগাযোগের আহ্বান জানান।
অধ্যাপক ড. দীপকেন্দ্রনাথ দাস শিক্ষাপ্রতিষ্ঠানে শিশু সুরক্ষা নীতিমালা ও নিরাপদ অভিযোগ ব্যবস্থাপনা চালুর ওপর গুরুত্ব দেন। সফিউদ্দিন আহমেদ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের শিশু সুরক্ষা কমিটিগুলো সক্রিয় করার আহ্বান জানান।
নারী অধিকারকর্মী আলিমা খাতুন লিমা বলেন, “লজ্জা বা ভয়ের কারণে নির্যাতনের ঘটনা গোপন করলে শিশুর ক্ষতি আরও বাড়ে। শিশুর কথা শুনতে হবে, তাকে বিশ্বাস করতে হবে। নির্যাতনের জন্য কোনোভাবেই শিশু দায়ী নয়।”
বাসসের বিশেষ সংবাদদাতা ড. আইনুল হক গণমাধ্যমকর্মীদের শিশুদের পরিচয়, ছবি, ঠিকানা বা ব্যক্তিগত তথ্য প্রকাশ না করার আহ্বান জানান। সভা শেষে সুব্রত কুমার পাল শিশুদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, গণমাধ্যম এবং নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগ জোরদারের আহ্বান জানান।