৫ অগ্রহায়ণ, ১৪৩৩
১৯ নভেম্বর, ২০২৬
News Banner

শ্রমিক বিক্ষোভে গাজীপুরের ৪০ কারখানায় ছুটি, সড়ক অবরোধ

Admin Published: November 18, 2026, 3:13 pm
শ্রমিক বিক্ষোভে গাজীপুরের ৪০ কারখানায় ছুটি, সড়ক অবরোধ

ডিএনএন ডেস্ক: শ্রমিক বিক্ষোভ ও উত্তেজনাকর পরিস্থিতির জেরে গাজীপুরের ৪০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বুধবার ভাঙচুর ও বড় ধরনের বিশৃঙ্খলার আশঙ্কায় এসব কারখানায় ছুটি দেওয়া হয়। এদিকে বিক্ষোভের একপর্যায়ে পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।


বুধবার সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুর মহানগরীর মালেকের বাড়ি ও বোর্ডবাজার এলাকায় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে সড়কে অবস্থান নেন। এতে ওই এলাকার সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিকদের অবস্থানের কারণে আশপাশের এলাকাতেও যানজটের সৃষ্টি হয়।


খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেলে শ্রমিকদের সঙ্গে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। একপর্যায়ে পুলিশের একটি পাজেরো গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।


পরে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। এ ঘটনার পর গাজীপুরের শিল্পাঞ্চলজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতির অবনতি ও সম্ভাব্য ভাঙচুর এড়াতে বিভিন্ন এলাকার ৪০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।


গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, শ্রমিক আন্দোলনের কারণে জেলার বিভিন্ন এলাকার ৪০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। বর্তমানে মহানগরীর মালেকের বাড়ি ও ভোগড়া এলাকায় পরিস্থিতি ভালো রয়েছে। সেখানে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন।