স্টাফ রিপোর্টার : মূল্য তালিকায় কাটাকাটি, পাকিস্তানি ও ভারতীয় পোশাকের নামে অতিরিক্ত দাম রাখার অভিযোগে রাজশাহীর একটি পোশাকের শোরুমে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রবিবার দুপুরে রাজশাহীর সপুরা বিসিক শিল্পনগরীতে অবস্থিত ‘হাউজ অব শিপিয়ারর্স’ নামের শোরুমে এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন রাজশাহী বিভাগের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মো. ইব্রাহীম।
অভিযানকালে আমদানির সঠিক তথ্য প্রদর্শন না করা এবং মূল্য তালিকায় বারবার কাটাকাটি করে বেশি দামে পণ্য বিক্রির প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে উপপরিচালক মো. ইব্রাহীম জানান, ভোক্তাদের সঙ্গে প্রতারণার অভিযোগে প্রতিষ্ঠানটিকে সতর্কতামূলকভাবে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।