১১ ভাদ্র, ১৪৩৩
২৭ আগস্ট, ২০২৬

রাজশাহীতে ত্যাগীদের বাদ দিয়ে যুবদলের কমিটি করার অভিযোগ

Admin Published: February 22, 2026, 5:38 pm
রাজশাহীতে ত্যাগীদের বাদ দিয়ে যুবদলের কমিটি করার অভিযোগ

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর ৪১টি সাংগঠনিক ওয়ার্ডে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের বাদ দিয়ে যুবদলের কমিটি করার অভিযোগ তুলে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ‘বঞ্চিত নেতাকর্মীরা’। তাদের অভিযোগ, যুবদলের কমিটিতে ‘ফ্যাসিস্টদের’ পুনর্বাসন করা হয়েছে। রোববার দুপুর ১২টা থেকে প্রায় ঘণ্টাব্যাপী নগরের সাহেববাজার জিরোপয়েন্টে এই মানববন্ধন হয়।


মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিগত ১৭ বছর যারা জেল-জুলুম, হামলা-মামলা ও নির্যাতনের শিকার হয়েছে তাদের কমিটিতে ঠাঁই হয়নি। কমিটিগুলোতে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের পুনর্বাসন করা হয়েছে। এতে দলের তৃণমূলভিত্তিক সাংগঠনিক কাঠামো দুর্বল হয়ে পড়বে।



মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন- নগর যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল কাদের বকুল, যুবদল নেতা নাজির হাসান, আনোয়ারুল ইসলাম, শফিউল আলম টিয়া, তানভীর আলম প্রমুখ।


উল্লেখ্য, সম্প্রতি রাজশাহী নগরের ৪১টি সাংগঠনিক ওয়ার্ডে যুবদলের কমিটি ঘোষণা করা হয়েছে। মহানগর যুবদলের সুপারিশের ভিত্তিতে কেন্দ্রীয় কমিটি এর অনুমোদন দেয়। এতে ক্ষুব্ধ কিছু নেতা।



এই মানববন্ধনের বিষয়ে জানতে চাইলে নগর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শরিফুল ইসলাম জনি বলেন, ‘যারা মানববন্ধন করেছে তারা যুবদল করে না। এগুলো ভাড়া করা লোক। যারা নেতৃত্ব দিয়েছেন তারা বহিষ্কৃত। যাচাই বাছাই করেই ত্যাগীদের নিয়ে কমিটি দেওয়া হয়েছে।’