১৯ কার্তিক, ১৪৩৩
০৩ নভেম্বর, ২০২৬

রাকসু তফসিল পুনর্বিন্যাসে বাড়লো মনোনয়নপত্র বিতরণের সময়সীমা

Admin Published: August 13, 2025, 5:42 pm
রাকসু তফসিল পুনর্বিন্যাসে বাড়লো মনোনয়নপত্র বিতরণের সময়সীমা

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের তফসিল পুনর্বিন্যাস করা  হয়েছে । গতকাল মঙ্গলবার রাতে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক আমজাদ হোসেন স্বাক্ষরিত নতুন তফসিল রাকসুর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়।


নতুন তফসিল অনুযায়ী, প্রকাশিত খসড়া ভোটার তালিকায় আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি করা হবে ১৭ আগস্ট পর্যন্ত, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১৯ আগস্ট। যা পূর্বের তফসিল অনুযায়ী ৭ থেকে ১২ আগস্টের মধ্যে সম্পন্ন করে ১৪ আগস্ট চূড়ান্ত তালিকা প্রকাশের কথা ছিল।


পূর্বের তফসিলে মনোনয়নপত্র বিতরণের তারিখ ছিল ১৭-১৯ আগস্ট এবং ২১-২৫ আগস্ট তারিখের মধ্যে মনোনয়নপত্র দাখিলের কথা থাকলেও নতুন তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বিতরণ ২০-২৩ আগস্ট এবং ২৪-২৬ আগস্ট সময় দেয়া হয়েছে। 


রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক আমজাদ হোসেন জানান , দীর্ঘদিন পর রাকসু হওয়ায় আমরা এ কাজগুলোতে একেবারেই নতুন। খসড়া ভোটার তালিকায় সাবেক, অছাত্র এবং বহিষ্কৃত ছাত্রদের নাম আসায় এটি সংস্কারে সময় লাগবে । চূড়ান্ত ভোটার তালিকা যেন স্বচ্ছ হয় তাই আমরা বর্তমান শিক্ষার্থীদেরই চূড়ান্ত ভোটার তালিকায় রাখতে চাই। এজন্য কিছু সময় প্রয়োজন। তাই অল্প কিছু পুনর্বিন্যাস করা হয়েছে।