রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) -এর সংশোধিত গঠনতন্ত্র অনুমোদন করা হয়েছে। এছাড়া রাকসু ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন ২০২৫-২০২৬ এর জন্য ফাইন্যান্স বিভাগের প্রফেসর মো. আমজাদ হোসেনকে প্রধান নির্বাচন কমিশনার করে নির্বাচন কমিশন গঠিত হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
কমিশনের অন্য কমিশনাররা হচ্ছেন- সিন্ডিকেট সদস্য প্রফেসর মো. নিজাম উদ্দীন, কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) প্রফেসর এফ নজরুল ইসলাম, মানসিক স্বাস্থ্য কেন্দ্রের পরিচালক প্রফেসর মোহা. এনামুল হক, আইন বিভাগের অধ্যাপক প্রফেসর মোহাম্মদ আব্দুল হান্নান, পরিসংখ্যান বিভাগের প্রফেসর মো. আমিনুল হক এবং নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক প্রফেসর মোস্তফা কামাল আকন্দ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ এপ্রিল অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৫৩৮তম সভায় উপরিউক্ত গঠনতন্ত্র অনুমোদন ও নির্বাচন কমিশন গঠন করা হয়।
গত ২৭ ফেব্রুয়ারি প্রকাশিত রাকসু নির্বাচনের রোডম্যাপ অনুযায়ী, রাকসু নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে ২৮ এপ্রিল। ভোটার তালিকা সম্পর্কে আপত্তি প্রকাশ করা যাবে ৩০ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
এছাড়া চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১৩ মে। মনোয়নপত্র বিতরণ করা হবে ১৫ মে। মনোনয়নপত্র দাখিল করা যাবে ১৯ মে। মনোনয়নপত্র নিরীক্ষা ও বাছাই করা হবে ২০ মে। প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে ২২ মে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৫ মে। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৭ মে এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে জুন মাসের তৃতীয় থেকে চতুর্থ সপ্তাহের মধ্যে।