৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩
১৭ মে, ২০২৬

রুয়েট প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, উপস্থিতির হার ৯৯ শতাংশ

Admin Published: February 20, 2025, 4:21 pm
রুয়েট প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, উপস্থিতির হার ৯৯ শতাংশ

স্টাফ রিপোর্টার : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণিতে মূল ভর্তি পরীক্ষা বৃহস্পতিবার শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৯৯ দশমিক ১০ শতাংশ।

রুয়েটের বিভিন্ন ভবনে ‘ক’ গ্রুপের ভর্তি পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়। শেষ হয় দুপুর সাড়ে ১২টায়। এছাড়া ‘খ’ গ্রুপের প্রার্থীদের ভর্তি পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে শেষ হয় দুপুর পৌনে ২টায়।

রুয়েট সূত্র জানায়, নির্বাচনী (লিখিত) ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ৮ হাজার ২ জন ছাত্র-ছাত্রী মনোনীত হয়েছিলেন। এর মধ্যে বৃহস্পতিবার অনুষ্ঠিত মূল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ৭ হাজার ৯৩০ জন ছাত্র-ছাত্রী। অর্থাৎ ভর্তি পরীক্ষায় প্রায় ৯৯ দশমিক ১০ শতাংশ ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেছে।

রুয়েট উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুর রাজ্জাকসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা পরীক্ষার হলগুলো পরিদর্শন করেন। পরীক্ষা চলাকালে ক্যাম্পাসে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আনসার ও স্বেচ্ছাসেবী সদস্যরা নিয়োজিত ছিলেন।

রুয়েট জনসংযোগ দফতরের উপ-পরিচালক গোলাম মর্তুজা জানিয়েছেন, চূড়ান্ত ভর্তির জন্য নির্বাচিত ও অপেক্ষমাণ প্রার্থীদের নামের তালিকা প্রকাশের সম্ভাব্য তারিখ ৮ মার্চ। ভর্তি পরীক্ষার ফলাফল ওয়েবসাইটে প্রকাশ করা হবে। চলতি বছর রুয়েটের ১৪টি বিভাগে ১ হাজার ২৩৫ ছাত্র-ছাত্রীকে ভর্তি করা হবে।