৯ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

সাংবাদিক হয়রানি ও শিশু ধর্ষণ-হত্যার বিচারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

Admin Published: May 23, 2026, 4:31 pm
সাংবাদিক হয়রানি ও শিশু ধর্ষণ-হত্যার বিচারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার: সাংবাদিকদের কণ্ঠরোধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং শিশু রামিসাসহ সারাদেশে সংঘটিত ধর্ষণ ও হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবিতে শনিবার সকাল ১১টায় রাজশাহী মহানগরীর জিরোপয়েন্টে রাজশাহী প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


মানববন্ধনে সভাপতিত্ব করেন রাজশাহী প্রেসক্লাবের সভাপতি ও ভাষা সৈনিক পুত্র সাইদুর রহমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক গোলাম মোস্তাফা মামুন।  বক্তব্য দেন- রাজশাহী এডিটর ফোরামের সভাপতি লিয়াকত হোসেন, বীর মুক্তিযোদ্ধা বরজাহান আলী, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শাহরিয়ার অন্তু, এটিএন বাংলার রাজশাহী প্রতিনিধি সুজাউদ্দিন ছোটন, সাংস্কৃতিক কর্মী ওয়ালিউল রহমান বাবু, আতাউর রহমান স্মৃতি পরিষদের সহ-সভাপতি সালাউদ্দিন মিন্টু, আতাউর রহমান ট্রাস্টের সাধারণ সম্পাদক মাসুদ রানা সরকার, টেলিভিশন সাংবাদিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজ রকি প্রমুখ।



বক্তারা বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা একাধিক মামলা আগামী এক সপ্তাহের মধ্যে প্রত্যাহার করতে হবে এবং মিথ্যা মামলাকারীদের আইনের আওতায় আনতে হবে। অন্যথায় ঈদুল আজহার পর বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।


তারা আরও বলেন, দেশে সাংবাদিক নির্যাতন আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। সম্পাদক পরিষদের তথ্যমতে শতাধিক সাংবাদিক হত্যা মামলাসহ বিভিন্ন মামলায় আসামি হয়েছেন এবং হাজারো সাংবাদিক নির্যাতনের শিকার হয়েছেন। এর পেছনে গণতন্ত্রহীনতা, ভিন্নমত দমন ও বিচারহীনতা অন্যতম কারণ বলে উল্লেখ করা হয়।



বক্তারা শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় দ্রুত বিচার ট্রাইব্যুনালে কঠোর শাস্তির দাবি জানান। একইসঙ্গে প্রকৃত সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানি বন্ধের আহ্বান জানান। তারা অভিযোগ করেন, পরিকল্পিতভাবে সাংবাদিক ও রাজনৈতিক নেতাদের হয়রানির উদ্দেশ্যে মামলা দেওয়া হচ্ছে, যা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি।


বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দও মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে দ্রুত বিচার ও সাংবাদিক সুরক্ষার দাবি জানান।



মানববন্ধন থেকে শিশু ধর্ষণ-হত্যার ঘটনায় দ্রুত বিচার, সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করার জোর দাবি জানানো হয়।