১১ ভাদ্র, ১৪৩৩
২৬ আগস্ট, ২০২৬

সবার সম্মিলিত প্রচেষ্টায় রাজশাহীর উন্নয়ন করা হবে: ভূমিমন্ত্রী

Admin Published: February 28, 2026, 5:49 pm
সবার সম্মিলিত প্রচেষ্টায় রাজশাহীর উন্নয়ন করা হবে: ভূমিমন্ত্রী

স্টাফ রিপোর্টার : আমরা সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যাব-উল্লেখ করে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি বলেছেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী সবার সম্মিলিত প্রচেষ্টায় রাজশাহীর উন্নয়ন করা হবে। রাজশাহীর সম্ভাবনাময় রেশম শিল্পের প্রসারে ব্যবস্থা গ্রহণ ও রাজশাহীতে ইপিজেড স্থাপন করা হবে বলেও জানান তিনি। শনিবার দুপুরে রাজশাহী মহানগরীর সাহেব বাজারে অবস্থিত একটি কমিউনিটি সেন্টারের সম্মেলন কক্ষে নাগরিক কমিটি আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ভূমি মন্ত্রনালয়ের সঙ্গে অন্তত ১৬ প্রতিষ্ঠান জড়িত। সবগুলোকে সমন্বিতভাবে নিয়ে দেশবাসীর উন্নয়নে কাজ করা হবে। ভুমিসেবা সহজতর করা হবে। রাজশাহী মহানগরীকেও সুন্দর নগরী হিসেবে গড়ে তোলা হবে বলে উল্লেখ করেন তিনি।

মিনু বলেন, বিএনপির আমলে রাজশাহীতে গ্যাস লাইন স্থাপন ও চালু করা হয়। আবারও গ্যাস সংযোগের ব্যবস্থা করা হবে। সেইসাথে রুগ্ন শিল্প প্রতিষ্ঠানগুলো সচল করার পরিকল্পনা রয়েছে। এসময় মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মধ্যে দিয়ে বিএনপি যেমন সারাদেশের উন্নয়ন করবে, তেমনি রাজশাহীরও উন্নয়ন করবেন বলে আশ্বাস প্রদান করেন।

মিনু বলেন, ‘আমি’ আর ‘আমার’ এ ধরনের মনোভাব যেন না আসে। ‘আমরা সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যাব। সেজন্য কম্পিউটার প্রযুক্তিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং আইটি সেক্টরকে পুরোপুরি কাজে লাগিয়ে কর্মসংস্থান এবং দক্ষ নাগরিক হিসেবে যুবসমাজকে গড়ে তোলা হবে।

বিগত ১৭ বছরে রাজশাহী অনেক পিছিয়ে গেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, রাজশাহীর উন্নয়নের যে দাবি জনগণের আছে তা পূরণ করা হবে। জনগণের প্রত্যাশা পূরণের জন্য তিনি কাজ করবেন বলেও অঙ্গিকার করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাজশাহী-৩ আসনের এমপি এডভোকেট শফিকুল হক মিলন। তিনি ভূমিমন্ত্রীর কাছে রাজশাহীতে পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় ও ইপিজেড প্রতিষ্ঠার দাবি জানান।

সভায় রাজশাহী নাগরিক কমিটির আহ্বায়ক প্রফেসর এম. রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, রাজশাহী মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক এডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী বারের সভাপতি এডভোকেট আবুল কাশেম, ডা. ওয়াসিম হোসেন, এডভোকেট এনামুল হক, এডভোকেট আলী আশরাফ মাসুম, রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি আসলাম সরকার, এডভোকেট পারভেজ তৌফিক জাহেদি, এডভোকেট জমসেদ আলী, প্রফেসর ড. হাবিবুর রহমান ও প্রফেসর ড. ফৌজিয়া প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজশাহী নাগরিক কমিটির সদস্য সচিব প্রফেসর আক্তার হোসেন।