৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩
১৭ মে, ২০২৬

শেষ বলে ফিরলেন মুমিনুল, ১৫৬ রানে এগিয়ে দিন শেষ বাংলাদেশের

Admin Published: May 17, 2026, 6:26 pm
শেষ বলে ফিরলেন মুমিনুল, ১৫৬ রানে এগিয়ে দিন শেষ বাংলাদেশের

ডিএনএন ডেস্ক: দ্বিতীয় টেস্টের সংক্ষিপ্ত স্কোর, দ্বিতীয় দিন শেষে: বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ২৬.৪ ওভারে ১১০/৩, লিড ১৫৬ (, শান্ত ১৩*; তানজিদ ৪, মাহমুদুল ৫২, মুমিনুল ৩০)

পাকিস্তান প্রথম ইনিংসে ৫৭.৪ ওভারে ২৩২/১০ (আব্বাস ০*; ফজল ৯, আওয়াইজ ১৩, শান ২১, শাকিল ৮, বাবর ৬৮, সালমান ২১, রিজওয়ান ১৩, হাসান ১৮, শাহজাদ ১০, সাজিদ ৩৮) 

বাংলাদেশ প্রথম ইনিংসে ৭৭ ওভারে ২৭৮/১০ ( শরিফুল ১২*; মাহদুমুল ০, তানজিদ ২৬, মুমিনুল ২২, শান্ত ২৯, মুশফিক ২৩, মিরাজ ৪, তাইজুল ১৬, তাসকিন ৭, লিটন ১২৬, নাহিদ ০) 

মাহমুদুল হাসান জয়ের আউটের পর শেষ বিকালে মনোযোগ ধরে রাখতে ব্যর্থ হয়েছেন মুমিনুল হক। দ্বিতীয় দিনের শেষ বলে ৩০ রানে খুররম শাহজাদের বলে রিজওয়ানের গ্লাভসে ক্যাচ দিয়েছেন তিনি। দিন শেষে বাংলাদেশের স্কোর ৩ উইকেটে ১১০ রান। স্বাগতিকদের লিড ১৫৬ রানের। 


ফিফটির পরই আউট মাহমুদুল


১৫ রানে তানজিদের আউটের পর দারুণ প্রতিরোধ গড়ে খেলছিলেন মাহমুদুল হাসান জয়। দ্বিতীয় উইকেটে মুমিনুল হকের সঙ্গে মিলে ৭৬ রান যোগ করেন তিনি। ৫৮ বলে তুলে নেন ক্যারিয়ারের ষষ্ঠ টেস্ট ফিফটি। যদিও হাফসেঞ্চুরির পর মেরে খেলতে গিয়ে মোহাম্মদ আব্বাসের বলে ৫২ রানে কাটা পড়েন তিনি। মাহমুদুলের ৬৪ বলের ইনিংসে ছিল ১০টি চার। 


শুরুতেই তানজিদের বিদায়


প্রথম ইনিংসে আশা জাগিয়েও ইনিংস বড় করতে পারেননি অভিষিক্ত তানজিদ হাসান। দ্বিতীয় ইনিংসে আরও ব্যর্থ তিনি। ৪ রানে ইনিংসের শুরুতেই খুররম শাহজাদের শিকার হয়েছেন। সৌদ শাকিলকে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি। বাংলাদেশ প্রথম উইকেট হারায় ১৫ রানে।  


২৩২ রানে শেষ পাকিস্তানের প্রথম ইনিংস


প্রথম ইনিংসে ২৭৮ রান সংগ্রহের পর বল হাতেও দাপট দেখিয়েছে বাংলাদেশ। টানা দুই সেশন পাকিস্তানের ওপর কর্তৃত্ব করেছে। বাংলাদেশের বোলিং তোপের সামনে পেরে ওঠেনি তারা। পাকিস্তানকে ২৩২ রানে গুটিয়ে দিয়েছে। তাতে তারা লিড পেয়েছে ৪৬ রানের। 


অবশ্য চায়ের বিরতি থেকে ফিরতে লেজ ছেঁটে ফেলতে বেশি সময় লাগেনি। তবে সাজিদ খান ২৮ বলে ঝড়ো গতিতে খেলে ৩৮ রান তুলে ব্যবধান কমিয়েছেন। নাহলে লিড আরও বড় হতো। তাইজুলের ওভারে মেরেছেন ৩টি ছক্কা। শেষ পর্যন্ত তাকে ৩৮ রানে ফেরান নাহিদ রানা। তার আউটের সঙ্গে সঙ্গেই পাকিস্তানের ইনিংস সমাপ্ত হয়েছে।


বাংলাদেশের হয়ে ৩টি করে উইকেট নেন নাহিদ রানা ও তাইজুল ইসলাম। দুটি করে নিয়েছেন তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ।  


চায়ের বিরতি থেকে ফিরেই শাহজাদকে ফেরালেন নাহিদ


চায়ের বিরতি থেকে ফিরেই লেজ ছেঁটে ফেলার কৌশলে সফল বাংলাদেশ। তৃতীয় সেশনের তৃতীয় বলে নাহিদ রানার বলে ক্যাচ দিয়ে ফিরেছেন খুররম শাহজাদ। 


টেস্টের নিয়ন্ত্রণ নিয়ে চায়ের বিরতিতে বাংলাদেশ


প্রথম সেশনে ৪ উইকেট নিয়ে পাকিস্তানকে চেপে ধরেছিল বাংলাদেশ। তার পর বাবর আজম ফিফটিতে লড়াইয়ের চেষ্টা করেছিলেন। কিন্তু দ্বিতীয় সেশনে তাকে ৬৮ রানে থামিয়ে পাকিস্তানের প্রতিরোধ দুর্বল করে দেন রানা। তার পর আর দাঁড়াতে পারেননি কেউ। ৮ উইকেট হারিয়ে দ্বিতীয় সেশন শেষ করেছে পাকিস্তান। চায়ের বিরতিতে যাওয়ার আগে তাদের সংগ্রহ ৮ উইকেটে ২০৬ রান। তারা পিছিয়ে ৭২ রানে। 


এই সেশনে ২৫ ওভারে ৪ উইকেট নিয়েছে বাংলাদেশ। পাকিস্তান যোগ করেছে ১১০ রান। 


ফিরলেন হাসান আলী


মোহাম্মদ রিজওয়ান ফেরায় শেষ দিকে প্রতিরোধ গড়ার চেষ্টায় ছিলেন হাসান আলী। যদিও ১৮ রানের বেশি করতে পারেননি। তাইজুল ইসলামের বলে ক্যাচ তুলে দলের ১৮৪ রানে ফিরেছেন তিনি। পাকিস্তান হারিয়েছে অষ্টম উইকেট। এটি ছিল তাইজুলের তৃতীয় উইকেট।  


এবার তাইজুলের দ্বিতীয় শিকার রিজওয়ান


শেষ প্রতিষ্ঠিত ব্যাটার হিসেবে লড়াই করছিলেন মোহাম্মদ রিজওয়ান। কিন্তু বেশি দূর যেতে পারেননি তিনি। তাইজুল ইসলামের দুর্দান্ত ডেলিভারিতে ১৩ রানে বোল্ড হয়েছেন রিজওয়ান। পাকিস্তানের ৭ উইকেটের পতনে ভালো লিডের আশা দেখছে বাংলাদেশ। 


সালমানকে ফেরালেন তাইজুল, ৬ উইকেট নেই পাকিস্তানের


দ্বিতীয় সেশনে দুই সেট ব্যাটারকে ফিরিয়ে পাকিস্তানকে চেপে ধরেছে বাংলাদেশ। বাবর আজমকে নাহিদ রানা ফেরানোর পর সালমান আলীকেও সাজঘরে পাঠিয়েছেন তাইজুল ইসলাম। সালমান ৪২.২ ওভারে সুইপ করতে গেলে বল ব্যাটের কানায় লেগে বলে চলে যায় মুমিনুল হকের হাতে। সালমান আউট হয়েছেন ২১ রানে।  


বাবরকে ৬৮ রানে থামালেন রানা


৭৯ রানে চতুর্থ উইকেট পতনের পর দলকে টেনে নিচ্ছিলেন বাবর আজম। ওয়ানডে মেজাজে তুলে নেন ফিফটি। পঞ্চম উইকেটে সালমান আলীকে নিয়ে ৬৩ রানের জুটিও গড়েন তিনি। ৩৯.৪ ওভারে নাহিদ রানার বলে আলগা শট খেলতে গিয়ে ৬৮ রানে কাটা পড়েছেন বাবর। পঞ্চম উইকেট হারিয়ে আরও চাপে পড়েছে সফরকারীরা।  


পাকিস্তানের ৪ উইকেট তুলে প্রথম সেশন বাংলাদেশের 


দ্বিতীয় দিনের শুরুতেই বাংলাদেশের পেসারদের সামনে কঠিন পরীক্ষায় পড়েছে পাকিস্তান। তাসকিন আহমেদের দুই উইকেট শিকারে শুরুতেই চাপে পড়ে যায় তারা। সকালের শুরুতে দুই ওপেনারকে সাজঘরে পাঠিয়ে পাকিস্তানকে বিপদে ফেলেন তাসকিন। তার পর শান মাসুদকে নিয়ে জুটি গড়ার চেষ্টায় ছিলেন বাবর আজম। সেই জুটিও স্থায়ী হতে দেননি মিরাজ। প্রথম ঘণ্টাতে তার আঘাতে সাজঘরে ফেরেন শান। মিরাজের চতুর্থ উইকেটের দেখা পেতেও সময় লাগেনি। এবার তার শিকার হন সৌদ শাকিল। দ্বিতীয় দিনের প্রথম সেশনে এই ছিল বাংলাদেশের বোলিং দাপটের চিত্র। প্রথম সেশনেই পাকিস্তানের ৪ উইকেট তুলে তাদের চাপে ফেলেছে বাংলাদেশ। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে প্রথম ইনিংসে তাদের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৯৬ রান।  তারা পিছিয়ে ১৮২ রানে। 


এক প্রান্ত আগলে রেখে বেশ দৃঢ়তা দেখাচ্ছেন বাবর আজম। অপরাজিত আছেন ৩৭ রানে। কিন্তু ম্যাচে টিকে থাকতে হলে পাকিস্তানের দরকার বড় একটি জুটি। 


মিরাজের আঘাত, এবার আউট শাকিল


শানের আউটের পর চতুর্থ উইকেটে কিছুটা প্রতিরোধের চেষ্টা করছিলেন বাবর আজম ও সৌদ শাকিল। এই জুটিও বেশিক্ষণ টিকতে দেননি মেহেদী হাসান মিরাজ। সুইপ করতে গিয়ে টপ এজ হয়ে লিটন দাসের গ্লাভসবন্দি হয়েছেন সৌদ শাকিল (৮)। এই জুটিতে যোগ হয়েছে ১৮ রান।  


শানকে ফিরিয়ে জুটি ভাঙলেন মিরাজ


২৩ রানে দ্বিতীয় উইকেট পতনের পর প্রতিরোধ গড়ার চেষ্টা করছিলেন বাবর আজম ও অধিনায়ক শান মাসুদ। কিন্তু তাদের জুটিকে বেশিক্ষণ স্থায়ী হতে দেননি মেহেদী হাসান মিরাজ। ১৬.২ ওভারে মাসুদকে তালুবন্দি করান তিনি। তাতে ভেঙেছে ৩৮ রানের জুটি। শান মাসুদ ২৬ বলে ২১ রানে আউট হয়েছেন। 


তাসকিনের দ্বিতীয় শিকার ওপেনার আওয়াইজ


দিনের দ্বিতীয় ওভারে আঘাত করে এক ওভার পর আবারও আঘাত হেনেছেন তাসকিন আহমেদ। এবার তার শিকার হয়েছেন আরেক ওপেনার আজান আওয়াইজ। বল ব্যাটের কানায় লেগে প্যাডে লেগে উঠে যায় বাতাসে। তখন সেটি তালুবন্দি করেন মুমিনুল হক। প্রথম টেস্টে সেঞ্চুরি করা আজান এদিন ফেরেন ১৩ রানে।    


দিনের দ্বিতীয় ওভারেই তাসকিনের সাফল্য


লিটন দাসের দুর্দান্ত সেঞ্চুরিতে প্রথম দিনটা ছিল বাংলাদেশের। শুরুর বিপর্যয় ছাপিয়ে পরে পাকিস্তানের বোলারদের ওপর আধিপত্য বিস্তার করে খেলেছেন তিনি। তার ষষ্ঠ সেঞ্চুরিতেই বাংলাদেশ ইনিংসে সুবিধাজনক জায়গায় যেতে পেরেছে। দিনের সবচেয়ে আলোচিত ১২৬ রানের ইনিংসটি খেলেছেন তিনি। তার ব্যাটে ভর করে প্রথম ইনিংসে অলআউট হয়েছে ২৭৮ রানে। পরে পাকিস্তান বিনা উইকেটে ২১ রানে প্রথম দিন শেষ করে। সেই অবস্থান থেকে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করলে দিনের দ্বিতীয় ওভারেই আঘাত হেনেছেন পেসার তাসকিন আহমেদ। ৭.৩ ওভারে তার দুর্দান্ত ডেলিভারিতে লিটন দাসের গ্লাভসে ক্যাচ দিয়ে ফিরেছেন ওপেনার আব্দুল্লাহ  ফজল (৮)।