ডিএনএন ডেস্ক: একবার বা দুইবার নয়, মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে ৯ বার ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারতের গুজরাট। এই কম্পনের ফলে গুজরাটের রাজকোটজুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মাঝরাতেই মানুষ ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসে।এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার।প্রতিবেদনে আনন্দবাজার জানিয়েছে, বৃহস্পতিবার রাত ৮টা ৪৩ মিনিটে প্রথম কম্পন অনুভূত হয়। এরপর শুক্রবার সকাল ৮টা ৩৪ মিনিট পর্যন্ত আরও সাতবার ভূমিকম্প হয়। অর্থাৎ, এই সময়ের মধ্যেই মোট ৯ বার কেঁপে ওঠে রাজকোট। ভূমিকম্পগুলোর উৎসস্থল ছিল উপলেটার উত্তর-পশ্চিমে প্রায় ৩০ কিলোমিটার দূরে। উপলেটা কচ্ছ অঞ্চলের অন্তর্গত, যা ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবেই পরিচিত।
রাজকোটবাসীর দাবি, এত অল্প সময়ের মধ্যে একাধিকবার ভূমিকম্প আগে কখনো তারা অনুভব করেননি। ফলে বড় ধরনের কোনো বিপদের আশঙ্কায় আতঙ্কিত হয়ে রয়েছেন স্থানীয়রা।
প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী, ৯টি কম্পনের মধ্যে সর্বোচ্চ মাত্রা ছিল ৩.৮ এবং সর্বনিম্ন ছিল ২.৯। ভূমিকম্পের মাত্রা ৩ থেকে ৩.৯ হলে সেটিকে মৃদু এবং ৩-এর নিচে হলে অতি মৃদু হিসেবে ধরা হয়। গান্ধীনগরের ইনস্টিটিউট অব সিসমোলজিক্যাল রিসার্চ-এর বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভূমিকম্পের মাত্রা ৪-এর নিচে থাকলে সাধারণত উদ্বেগের কারণ নেই।
বিশেষজ্ঞদের মতে, এত কম সময়ের মধ্যে এতবার কম্পন হওয়াটাই চিন্তার বিষয়। রাজকোট কোনো চ্যুতিরেখার ওপর অবস্থান করছে না, তা সত্ত্বেও কেন বারবার ভূমিকম্প হচ্ছে তা খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছেন তারা। যদিও বর্ষা মরসুমের পর মৃদু ভূমিকম্প নতুন কিছু নয়, কিন্তু স্বল্প ব্যবধানে একাধিক কম্পন বিজ্ঞানীদের ভাবনায় ফেলেছে।