স্টাফ রিপোর্টার : বাড়িতে চিঠি পাঠিয়ে রাজশাহীর পবা উপজেলায় এক গৃহবধূকে গুম ও খুনের হুমকি দেওয়া হয়েছে। ওই চিঠিতে আগামী ৭ নভেম্বরের মধ্যে গৃহবধূকে খুন ও গুম করা হবে বলে হুমকি দেওয়া হয়। এ ঘটনায় মোসা. মেঘলা (১৯) নামের ভুক্তভোগী গৃহবধূ সোমবার দুপুরে স্বামীসহ দুজনের বিরুদ্ধে পবা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, তার স্বামী নাহিদ হাসান (২৪) এবং সহযোগী মুস্তাকিম রহমান দীর্ঘদিন ধরে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছেন। যৌতুক হিসেবে স্বামী নাহিদ হাসান একটি ইয়ামাহা আর-১৫ মোটরসাইকেল দাবি করেন। কিন্তু পরিবারের আর্থিক অবস্থার কারণে সেই দাবি পূরণ করতে না পারায় তিনি নির্যাতনের শিকার হন এবং এক পর্যায়ে বাবার বাড়িতে ফিরে আসেন।
পরে তিনি যৌতুক নিরোধ আইনে আদালতে মামলা করেন। ওই মামলা করার পর থেকে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে তার ও পরিবারের সদস্যদের নিয়মিত ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিতে থাকে।
মেঘলা অভিযোগে উল্লেখ করেন, সর্বশেষ রবিবার রাত ৮টার দিকে তার মা ঘরের দরজার সামনে একটি চিঠি দেখতে পান। চিঠিতে অজ্ঞাতনামা ব্যক্তিরা আগামী ৭ নভেম্বরের মধ্যে তাকে গুম বা খুন করার হুমকি দিয়েছেন। তিনি ধারণা করছেন, পূর্বের বিরোধের জের ধরে স্বামী ও তার সহযোগীরাই এই হুমকির সঙ্গে জড়িত।
ঘটনার পর থেকে মেঘলা ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা পুলিশের কাছে দ্রুত তদন্ত ও আইনি সুরক্ষার আবেদন জানিয়েছেন। এ বিষয়ে পবা থানার ওসি মনিরুল ইসলাম বলেন, অভিযোগটি পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।