ডিএনএন ডেস্ক : বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় আগ্রাসন এবং মিথ্যা তথ্য সন্ত্রাসের প্রতিবাদে আগামীকাল বুধবার ঢাকা থেকে আগরতলা অভিমুখে লং মার্চের আয়োজন করেছে বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন: যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।
গতকাল সোমবার সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিন সংগঠনের পক্ষ থেকে জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না এই কর্মসূচি ঘোষণা করেন। তিনি জানান, রবিবার ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি পেশ করার পর তিন সংগঠন আরও বড় ধরনের কর্মসূচি নিয়েছে।
মোনায়েম মুন্না বলেন, "ভারতীয় আগ্রাসন এবং বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা তথ্য সন্ত্রাসের প্রতিবাদে আগামী ১১ ডিসেম্বর বুধবার ঢাকা থেকে আগরতলা অভিমুখে আখাউড়া সীমান্ত পর্যন্ত আমরা লং মার্চের কর্মসূচি ঘোষণা করছি।"
তিনি আরো জানান, ওই দিন সকাল ৮টায় নয়াপল্টনে জমায়েত হয়ে শান্তিপূর্ণ লং মার্চ শুরু হবে এবং এটি আখাউড়া সীমান্ত পর্যন্ত যাবে। তিনি বাংলাদেশের সকল স্তরের ছাত্র, যুবক এবং স্বেচ্ছাসেবক নেতাকর্মীদের এই লং মার্চে অংশগ্রহণের আহ্বান জানান।
এছাড়া, যুবদলের সভাপতি মোনায়েম মুন্না তার বক্তব্যে বলেন, "শেখ হাসিনা যখন শ্যুট অ্যাট সাইটের নির্দেশ দিয়ে গোপ, হৃদয় তারুয়া, রুদ্র সেন, দীপ্ত দে, শুভ শীল, তনয় দাসদের হত্যার নির্দেশ দেন, তখন ভারত কোনো প্রতিবাদ বা উদ্বেগ জানায়নি। কিন্তু শেখ হাসিনার পতনের পর ভারত ভিত্তিহীনভাবে সংখ্যালঘু নির্যাতনের অপপ্রচার চালিয়ে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।"
তিনি আরও বলেন, "শেখ হাসিনাকে ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশের ছাত্র-জনতার সরকারকে বিব্রত করার সুযোগ দেওয়া হয়েছে।"
সংবাদ সম্মেলনে স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক রাজীব আহসান, যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, সিনিয়র সহসভাপতি রেজাউল করিম পল, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং বক্তৃতা দেন।