৮ বৈশাখ, ১৪৩৩
২১ এপ্রিল, ২০২৬

যে কারণে বিএনপিকে ‘লাল সালাম’ জানালেন ন্যান্সি

Admin Published: April 21, 2026, 5:56 pm
যে কারণে বিএনপিকে ‘লাল সালাম’ জানালেন ন্যান্সি

ডিএনএন ডেস্ক: সংরক্ষিত নারী আসনে তারকাদের মনোনয়ন না দেওয়ার সিদ্ধান্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) ‘লাল সালাম’ জানিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি।


ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ঘিরে শোবিজ অঙ্গনের বেশ কয়েকজন তারকার নাম আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত কেউই মনোনয়ন পাননি। আলোচনায় ছিলেন রুমানা মোর্শেদ কনকচাঁপা, বেবী নাজনীন-এর মতো তারকারা। তবে ২০ এপ্রিল প্রকাশিত চূড়ান্ত তালিকায় দেখা যায়, তাদের কারও ভাগ্য খোলেনি।



বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার মধ্যেই ২১ এপ্রিল নিজের ফেসবুকে প্রতিক্রিয়া জানান ন্যান্সি। তিনি লেখেন, “গায়িকা, নায়িকা, অভিনেত্রী, মডেল— এসব তারকাদের শো-পিস না বানিয়ে ত্যাগী, যোগ্য ও রাজনৈতিক জ্ঞানসম্পন্ন নারীদের মূল্যায়ন করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জানাই লাল সালাম।”


ন্যান্সির এই মন্তব্যে সামাজিক মাধ্যমে ইতিবাচক সাড়া মিলেছে। মন্তব্যের ঘরে অনেকেই তার সঙ্গে একমত পোষণ করেছেন। কেউ লিখেছেন, “এজন্যই আপনাকে এত পছন্দ প্রিয় শিল্পী,” আবার কেউ বলেছেন, “আপনার সঙ্গে আমিও একমত।”



উল্লেখ্য, গত ১০ এপ্রিল সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন ফরম বিক্রি শুরু করে বিএনপি। তিন দিনে প্রায় ১,৩০০ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তাদের মধ্যে শোবিজ অঙ্গনের আরও কয়েকজন পরিচিত মুখ ছিলেন— রিজিয়া পারভীন, দিলরুবা খান, দিঠি আনোয়ার, রুকাইয়া জাহান চমক প্রমুখ। তবে শেষ পর্যন্ত দলটি তারকাদের বাইরে গিয়ে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নেয়, যা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।