নিজস্ব প্রতিবেদক : রাত হলেই পবা উপজেলার বিভিন্ন এলাকায় ডাকাত আতঙ্কে কাটছে এলাবাসীর নির্ঘুম রাত। পুলিশ না থাকায় দুর্বৃত্তদের দৌরাত্ম্য বেড়েছে। সরকার পতনের পর থেকে চুরি-ডাকাতি ঠেকাতে গত চারদিন ধরে অনেকে রাত জেগে বাড়িঘর-ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দিচ্ছেন।
হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও অস্ত্র লুটের পর রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সকল থানা ভবন ও ফাঁড়ি এখন কার্যত পুলিশ শূন্য। এ সুযোগে উপজেলায় বিভিন্ন স্থানে চুরি-ডাকাতি, ছিনতাই ও লুটপাটের অভিযোগ আসছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বৃহস্পতিবার (৮ আগস্ট) দিবাগত গভীর রাতে নওহাটা বাজারের পিল্লাপাড়া এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাতকে এবং বাগসারা এলাকায় ১ ডাকাতকে আটক করে গণপিটুনি দিয়ে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেন স্থানীয়রা।
এবিষয়ে বাগসারা এলাকার বাসিন্দা শিমুল জানান, রাত একটার দিকে ডাকাতদলের কয়েকজন সদস্য বাগসারা এলাকায় জড়ো হওয়ার বিষয়টি টের পেয়ে স্থানীয়রা সেনাবাহিনীর টহল টিমকে খবর দেয়। এসময় একজনকে আটক করে সেনা সদস্যদের হাতে তুলে দেওয়া হয় বলে শুনেছি।
নওহাটা পিল্লাপাড়া এলাকার বাসিন্দা আতাউর জানান, আনুষ্ঠানিক রাত ৩টার দিকে ডাকাত দলের কয়েকজন সদস্য এলাকায় ডাকাতি করতে এলে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়। এলাকাবাসী তাদের ধাওয়া দেয়। এসময় ৫ জনকে আটক করে সেনাবাহিনীর টহল টিমের হাতে তুলে দেওয়া হয়।