স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাঘা উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান ফখরুল হাসান বাবলুর বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। বাবলুর বাড়ি উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কেশবপুর গ্রামে। এ বিষয়ে পরদিন শনিবার সন্ধ্যা পর্যন্ত থানায় লিখিত অভিযোগ হয়নি।
উপজেলা বিএনপির নেতাকর্মীরা জানান, ককটেল বিস্ফোরণের পরে পুলিশ ঘটনাস্থলের পাশে তল্লাশি চালিয়ে তিনটি বিস্ফোরিত এবং তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে।
উপজেলা বিএনপির আহবায়ক ফকরুল হাসান বাবলু বলেন, ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম না। তবে বাড়ির পাশে ময়েনের মোড়ে লোকজন নিয়ে বসেছিলাম। এমন সময় বিকট শব্দ শুনে বাড়িতে গিয়ে দেখি ককটেল বিস্ফোরণ করা হয়েছে। তিনি বলেন, কয়েকদিন আগে একটি ফেসবুক আইডি থেকে স্ট্যাস্টাস দেওয়া হয়েছিল ‘বাঘা বিএনপি সাবধান’। তিনি বলেন তারা আওয়ামীলীগের লোক। পরিকল্পিত ভাবে এই ঘটনা ঘটিয়েছে।এদিকে এ ঘটনার প্রদিবাদ উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে।
বাঘা থানার ওসি আফম আসাদুজ্জামান বলেন, ঘটনাস্থল থেকে ৬টি ককটেল সদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে। অভিযোগ হাতে পাওয়ার পর তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।