স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাঘায় একরাতে তালা ভেঙ্গে একটি ব্যবসা প্রতিষ্ঠান ও একটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এতে নগদ টাকা ও মালামাল খোয়া গেছে বলে দাবি করেছেন মালিকরা। খবর পেয়ে শনিবার ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দিবাগত রাতে উপজেলার বাউসা ইউনিয়নের দিঘা দাবিয়াতলা গ্রামে রানা এন্টারপ্রাইজ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান ও ভেড়ালীপাড়া গ্রামে আকবর আলী বাড়িতে চুরির ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, এ নিয়ে গত তিন মাসে ওই ইউনিয়নে অন্তত ১০টি চুরির ঘটনার ঘটলো।
এলাকাবাসী বলছেন, এ সকল বিষয় প্রশাসনকে অবগত করা হলেও এখন পর্যন্ত তারা কোন ব্যবস্থা গ্রহন কিংবা চোর আটক করতে পারেন নি। তবে পুলিশের দাবি, চুরির সাথে জড়িত কয়েকজনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে।
রানা এন্টারপ্রাইজের স্বত্বধিকারী সোহেল রানা বলেন, গোডাউনের তালা ভেঙ্গে দেড়লাখ টাকা দামের একটি ভটভটি ও নগদ ৫০ হাজার টাকা চুরি হয়েছে। একই রাতে বাউসা ভেড়ালীপাড়া গ্রামে আকবরের বাড়ি থেকে প্রায় দুই লাখ টাকার মালামাল চুরি গেছে।
বাঘা থানার ওসি (তদন্ত) সুপ্রভাত মন্ডল বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে চুরির সাথে জড়িতদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে।