৮ বৈশাখ, ১৪৩৩
২১ এপ্রিল, ২০২৬

বিএনপি নেতা মিনুর বাড়িতে হামলার ৫ বছর পর লিটনের নামে মামলা

Admin Published: August 21, 2024, 5:50 pm
বিএনপি নেতা মিনুর বাড়িতে হামলার   ৫ বছর পর লিটনের নামে মামলা

স্টাফ রিপোর্টার : বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুর বাড়িতে হামলার অভিযোগে পাঁচ বছরের বেশি সময় পর আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সদ্য সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের নামে মামলা করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে নগরের চন্দ্রিমা থানায় মামলাটি দায়ের করা করা হয়।

রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনুর বাড়ির কেয়ারটেকার মো. আলাউদ্দিন বাদী হয়ে মামলাটি করেছেন। মামলায় আসামি হিসেে খায়রুজ্জামান লিটন ছাড়া আরও ২২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া আরও ৫০-৬০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে।

মামলায় আসামিদের মধ্যে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার ও সিটি করপোরেশনের সদ্য সাবেক কাউন্সিলর আকতারুজ্জামান কোয়েলের নামও রয়েছে। লিটন ও ডাবলুর নির্দেশে এবং কোয়েলের নেতৃত্বে ২০১৮ সালের ১০ ডিসেম্বর নগরের ভদ্রা আবাসিক এলাকায় বিএনপি নেতা মিনুর বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এজাহারে বলা হয়, সেদিন রাতে হামলাকারীরা প্রথমে বাড়ির সামনে চার-পাঁচটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এরপর বাড়ির নিচতলায় ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়। রাজনৈতিক চাপ ও হত্যার হুমকি থাকার কারণে এতদিন মামলা করা যায়নি বলে এজাহারে উল্লেখ করা হয়। 

এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী নগরের চন্দ্রিমা থানার ওসি ইসমাইল হোসেন বলেন, আসামিরা সবাই পলাতক আছেন। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।