স্টাফ রিপোর্টার : রাজশাহীতে বরেন্দ্র অঞ্চলে কৃষি, সেচ ও সার্বিক উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার এই মতবিনিময় সভার আয়োজন করে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)।
বিএমডিএর হল রুমে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার ৮টি উপজেলার কৃষি অধিদপ্তর, উপ-পরিচালক, বিএডিসি, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, পানি সম্পদ পরিকল্পনা, আঞ্চলিক কৃষি তথ্য অফিসারসহ বিভিন্ন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমডিএ চেয়ারম্যান ড. এম আসাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মোত্তালেব হোসেন, রুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. নিয়ামুল বারী ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ডিপার্টমেন্ট অব অ্যাগ্রোনোমী অ্যান্ড অ্যাক্রেটেনশন বিভাগের প্রফেসর ড. আব্দুল আলীম।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিএমডিএর নির্বাহী পরিচালক শফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাহাঙ্গীর আলম খান। বরেন্দ্র অঞ্চলের উপর একটি প্রামাণ্য চিত্র তুলে ধরেন নির্বাহী প্রকৌশলী তরিকুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান।