৮ বৈশাখ, ১৪৩৩
২১ এপ্রিল, ২০২৬

চরম হেনস্তার শিকার জনপ্রিয় নায়িকা

Admin Published: December 19, 2025, 10:12 pm
চরম হেনস্তার শিকার জনপ্রিয় নায়িকা

ডিএনএন ডেস্ক: দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী নিধি আগারওয়াল সম্প্রতি ভারতের একটি সিনেমার প্রচারণা অনুষ্ঠানে চরম হেনস্তার শিকার হয়েছেন। ভিড়ের চাপে এবং ধস্তাধস্তির মধ্যে অভিনেত্রীকে তার পোশাক ঠিক করতে গিয়ে দারুণ অস্বস্তিতে পড়তে হয়। সামাজিক মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নেটিজেন ও শিল্পী মহল থেকে ক্ষোভ ও সমালোচনা উগরে এসেছে।ঘটনাটি ঘটে ‘রাজা সাব’ সিনেমার গান মুক্তি অনুষ্ঠানে। অনুষ্ঠান শেষে পেছনের গেট দিয়ে বের হয়ে গাড়িতে ওঠার সময় ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ভিডিওতে দেখা যায়, ভক্তরা সেলফি তুলার জন্য অভিনেত্রীর দিকে ঝাঁপিয়ে পড়ছেন। একপর্যায়ে কেউ তার পোশাক ধরে টান দেয়, আবার কেউ অনাকাঙ্ক্ষিতভাবে খুব কাছে চলে আসে ও ছোঁয়ার চেষ্টা করে।


ভিডিওতে অভিনেত্রীকে চরম আতঙ্কিত এবং দিশাহারা অবস্থায় গাড়িতে উঠতে দেখা যায়। তিনি কোনোমতে নিজের পোশাক ঠিক করেন এবং নিরাপদে গাড়িতে ওঠেন।


ঘটনার প্রতিবাদ জানিয়ে জনপ্রিয় গায়িকা চিন্ময়ী শ্রীপাদা সামাজিক মাধ্যমে লিখেছেন, এরা মানুষ নাকি হায়না? হায়নাদের সঙ্গে তুলনা করলে তাদের অপমান হবে। এখানে থাকা একদল পুরুষ পরিকল্পিতভাবে একজন নারীকে হেনস্তা করতে জড়ো হয়েছিল।


চিন্ময়ীর এই মন্তব্য নেটদুনিয়ায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অনেকে তার সাহসিকতার প্রশংসা করেছেন, তবে কেউ কেউ সব পুরুষকে ঢালাওভাবে দোষারোপ করার সমালোচনা করেছেন।


এদিকে, এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় অভিনেত্রী নিধি আগারওয়াল বা সিনেমাটির নির্মাতা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।