৫ বৈশাখ, ১৪৩৩
১৮ এপ্রিল, ২০২৬

দেশে ফিরেছেন ১২,৮৭৭ হাজি

Admin Published: June 13, 2025, 11:56 pm
দেশে ফিরেছেন ১২,৮৭৭ হাজি

ডিএনএন ডেস্ক: পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ১২ হাজার ৮৭৭ জন হাজি। বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত এসব হাজিরা দেশে ফিরেছেন। এর মধ্যে সরকারি মাধ্যমে ১ হাজার ২৫৫ জন ও বেসরকারি মাধ্যমে ১১ হাজার ৬২২ জন রয়েছেন। 


 এ পর্যন্ত হজে গিয়ে ২৬ বাংলাদেশি ইন্তিকাল করেছেন। শুক্রবার হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক।


এতে বলা হয়েছে, এখন পর্যন্ত ৩৩টি ফিরতি হজ ফ্লাইটে দেশে ফেরা হাজিদের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৮টি ফ্লাইটে দেশে ফিরেছেন ২ হাজার ৯০৮ জন, সৌদি এয়ারলাইন্সের ১২টি ফ্লাইটে ৪ হাজার ৭৫২ জন ও ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৩টি ফ্লাইটে ৫ হাজার ২১৭ জন হাজি দেশে ফিরেছেন।  


aচলতি বছর এখন পর্যন্ত হজে গিয়ে যে ২৬ বাংলাদেশির মৃত্যু হয়েছে তাদের মধ্যে ২৩ জন পুরুষ ও তিনজন নারী। প্রসঙ্গত, আগামী ১০ জুলাই পর্যন্ত চলবে ফিরতি হজের ফ্লাইট। বাংলাদেশ থেকে এ বছর ৮৭ হাজার ১৫৭ জন হজ পালন করেছেন। এবার হজ অনুষ্ঠিত হয় ৫ জুন। হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট ছিল ২৯ এপ্রিল আর হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট ছিল ৩১ মে।