স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী পৃথক পৃথক অভিযানে নারীসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার সাইমা খাতুন হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার কালুপুর ঠাকুর পালশা গ্রামের বাসিন্দা মো. শফিকুল ইসলামের মেয়ে মোসা. সাইমা খাতুন। গ্রেপ্তার আব্দুর রশীদ হলেন একই জেলার শিবগঞ্জ থানার রামচন্দ্রপুর হাট (হঠাৎপাড়া) গ্রামের বাসিন্দা মৃত মাজেদ আলীর ছেলে মো. আব্দুর রশীদ। গ্রেপ্তার কবির হোসেন হলেন রাজশাহী মহানগরীর মতিহার থানার সাতবাড়িয়া গ্রামের বাসিন্দা মো. তাজকেরাতুল ইসলামের ছেলে মো. কবির হোসেন।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, ১৭ এপ্রিল ২০২৬ তারিখ বেলা আনুমানিক পৌনে ১২টার দিকে বেলপুকুর থানার বেলপুকুর বাইপাস মোড় এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে সাইমা খাতুন ও আব্দুর রশীদকে গ্রেপ্তার করা হয়। একইদিন বেলা আনুমানিক সোয়া ১২টার দিকে মতিহার থানার সাতবাড়িয়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে কবির হোসেনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিদের দেহ তল্লাশি করে সাইমা খাতুনের কাছ থেকে ৪০০ পিস এবং আব্দুর রশীদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অন্যদিকে কবির হোসেনের কাছ থেকে ৩২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার সাইমা খাতুনের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় একটি মাদক মামলা ও একটি পেনাল কোড মামলা এবং পাকসি রেলওয়ে জেলার সিরাজগঞ্জ রেলওয়ে থানায় একটি মাদক মামলা বিচারাধীন রয়েছে। এছাড়াও গ্রেপ্তার কবির হোসেনের বিরুদ্ধে আরএমপি’র মতিহার থানায় চারটি মাদক মামলা চলমান রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।