৫ বৈশাখ, ১৪৩৩
১৮ এপ্রিল, ২০২৬
দাবি সরকারের

দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ, ‘দৃশ্যমান অগ্রগতি’

Admin Published: April 18, 2026, 5:41 pm
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ, ‘দৃশ্যমান অগ্রগতি’

ডিএনএন ডেস্ক: দায়িত্ব গ্রহণের দুই মাস পূর্তিতে সরকারের নেওয়া ৬০টি উল্লেখযোগ্য পদক্ষেপ তুলে ধরেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। শনিবার (১৮ এপ্রিল) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য উপস্থাপন করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন।সংবাদ সম্মেলনে বলা হয়, তারেক রহমানের নেতৃত্বে সরকার স্বল্প সময়েই বিভিন্ন খাতে ‘দৃশ্যমান অগ্রগতি’ অর্জন করেছে। নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে দ্রুত কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন শুরু হয়েছে বলেও দাবি করা হয়।


সরকারি তথ্য অনুযায়ী, নারীর ক্ষমতায়নে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আওতায় ইতোমধ্যে ৩৭ হাজারের বেশি পরিবারকে মাসিক আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালু এবং প্রায় ১২ লাখ কৃষকের ঋণ মওকুফের উদ্যোগ নেওয়া হয়েছে।


জ্বালানি খাতে বৈশ্বিক সংকটের মধ্যেও দেশে তেলের দাম নিয়ন্ত্রণে রাখা হয়েছে বলে জানানো হয়। একই সঙ্গে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন বাড়াতে ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ নির্ধারণ করা হয়েছে।


দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি রমজান মাসে বাজার স্থিতিশীল ছিল বলেও দাবি সরকারের। এছাড়া ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর ইমাম, পুরোহিতসহ বিভিন্ন ধর্মীয় নেতাদের জন্য ভাতা কার্যক্রম সম্প্রসারণ করা হয়েছে।


সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, সরকারি খাতে প্রায় ৪ লাখ ৬৮ হাজার শূন্য পদ পূরণে পরিকল্পনা নেওয়া হয়েছে এবং স্বাস্থ্য খাতে এক লাখ নতুন কর্মী নিয়োগ দেওয়া হবে। শিক্ষা খাতে পুনরায় ভর্তি ফি বাতিল, বৃত্তির পরিমাণ বৃদ্ধি এবং নতুন শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


বিদেশে কর্মসংস্থান বাড়াতে নতুন শ্রমবাজার অনুসন্ধান এবং প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে বিনিয়োগ সহজীকরণ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে বিভিন্ন নীতিগত সংস্কারের কথাও তুলে ধরা হয়।


সংবাদ সম্মেলনে বলা হয়, পরিবেশ সুরক্ষায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি, নদী খনন এবং ডেঙ্গু প্রতিরোধে জাতীয় পরিচ্ছন্নতা অভিযান চালানো হচ্ছে। এছাড়া ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা চালু এবং দুর্নীতি প্রতিরোধে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী সম্প্রতি টাইম সাময়িকীর বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় স্থান পাওয়াকে সরকারের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে উল্লেখ করা হয়।


তবে বিরোধী দল সরকারের এসব কার্যক্রমে সহযোগিতা না করে সংসদে হট্টগোল ও অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন মুখপাত্র।


সংবাদ সম্মেলনে সরকারের পক্ষ থেকে বলা হয়, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জনগণের আস্থা পুনরুদ্ধারই সরকারের প্রধান লক্ষ্য।