স্টাফ রিপোর্টার : প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে সাজ্জাদ হোসেন কালু (৪৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে রাজশাহীর দুর্গাপুর থানার পুলিশ।শুক্রবার দিনগত রাতে উপজেলার নান্দোপাড়া এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতারের পর শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
গ্রেফতারকৃত সাজ্জাদ হোসেন কালু উপজেলার নান্দোপাড়া গ্রামের মৃত মোখলেছুর রহমান হেনার ছেলে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে (১ আগস্ট) ওই তরুণী জ্বালানির জন্য খড়কুটো কুড়াতে মাঠে যান। সকাল ১০টার দিকে সাজ্জাদ হোসেন কালু ওই তরুণীকে জনৈক জহিরের পাটক্ষেতে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
ভিকটিম তরুণীর ভাই শিমুল বিশ্বাস জানান, দীর্ঘ সময় ধরে বাড়ি না ফেরায় খোঁজ নিতে মাঠে গিয়ে তার বোন ও অভিযুক্তকে একসঙ্গে দেখতে পান। এ সময় তাকে দেখে সাজ্জাদ পালিয়ে যায়। পরে তরুণী পুরো ঘটনা পরিবারের স্বজনদের জানান। এরপর থানায় লিখিত অভিযোগ করা হয়।
পুলিশ আরও জানায়, অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এস আই) রিপন কুমার দাসের নেতৃত্বে নান্দোপাড়া এলাকায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করা হয়।
দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রিপন কুমার দাস বলেন, “ভিকটিমের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা দ্রুত ব্যবস্থা নিই। শুক্রবার রাতে অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করি এবং শনিবার দুপুরে আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।”