সিনিয়র স্টাফ রিপোর্টার, পাবনা : ‘ধনো ধান্যে পুষ্পে ভরা, আমাদের এই বসুন্ধরা’, আবার কখনো ‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’, এমন সব কালজয়ী গান গেয়ে বন্যার্তদের সহযোগিতার অর্থ সংগ্রহ করলেন পাবনার চাটমোহরের সংগীত শিল্পীরা।
রোববার (২৫ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত ‘শিল্পী গোষ্ঠী’র ব্যানারে পুরো শহরে ঘুরে বন্যার্তদের জন্য সহযোগিতা চেয়ে হাত বাড়ান সংগীত শিল্পীরা।
সংগীত শিল্পীদের আহবানে সাড়া দিয়ে এগিয়ে আসেন, শিক্ষক-শিক্ষার্থী, শ্রমজীবি মানুষ, ব্যবসায়ী থেকে সব শ্রেণি পেশার মানুষ।
জনপ্রিয় সংগীত শিল্পী ও আরটিভির বাংলার গায়েন চ্যাম্পিয়ন (প্রথম সিজন) খ্যাত রাসেল মৃধার নেতৃত্বে পুরো শহর ঘুরে ঘুরে সংগ্রহ করা হয় নগদ ২০ হাজার টাকা। সংগ্রহকৃত অর্থ দায়িত্বশীল ও বিশ্বস্ত কোনো সংগঠনের মাধ্যমে বন্যার্ত মানুষের মাঝে প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য দেওয়া হবে বলে জানান সংশ্লিষ্টরা।
এ সময় উপস্থিত ছিলেন, চাটমোহর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা, যুগান্তরের চাটমোহর প্রতিনিধি পবিত্র তালুকদার, সমাজকর্মী আসাদুজ্জামান লেবু, খাইরুল ইসলাম, অন্তর মৃধা, সিদ্দিক মিলন, সুভাষ সরকার প্রমুখ।
বাংলার গায়েন চ্যাম্পিয়ন রাসেল মৃধা বলেন, বন্যায় বিভিন্ন জেলার মানুষ আজ দুর্বিষহ ও মানবেতর জীবন যাপন করছেন। তাদের পাশে দাঁড়িয়েছেন সারাদেশের মানুষ। আমরা সঙ্গীত শিল্পীরাই বা পিছিয়ে থাকবো কেন। তাই মানবিক মূল্যবোধের জায়গা থেকে মানুষকে আকৃষ্ট করে বন্যার্তদের জন্য সাহায্যের হাত বাড়িয়েছি