২০ বৈশাখ, ১৪৩৩
০৩ মে, ২০২৬

হামে আরো ১০ জনের মৃত্যু, আক্রান্ত ১১৬৬

Admin Published: May 3, 2026, 5:01 pm
হামে আরো ১০ জনের মৃত্যু, আক্রান্ত ১১৬৬

ডিএনএন ডেস্ক: বাংলাদেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ১০ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৬৬ শিশুর মধ্যে হামের সংক্রমণ সন্দেহ করা হচ্ছে।রবিবার (৩ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪০ হাজার ৪৯১ জনে। তাদের মধ্যে সর্বশেষ ২৪ ঘণ্টায় ৯৫ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত নিশ্চিত হাম রোগী ৫ হাজার ৩১৩ জন।


২৪ ঘণ্টায় হামে মারা যাওয়া শিশুদের মধ্যে ৫ জন ঢাকা বিভাগের, বরিশাল বিভাগের ২ জন, চট্টগ্রাম বিভাগের ১ জন, খুলনা বিভাগের ১ জন এবং সিলেট বিভাগের ১ জন। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ও এর উপসর্গ নিয়ে মোট ২৯৪ জন শিশুর মৃত্যু হয়েছে।


বিভাগভিত্তিক হিসাবে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে ৫২৩ জন। অন্য বিভাগুলোর মধ্যে রাজশাহী বিভাগে ১৯৯ জন, চট্টগ্রাম বিভাগে ১৭১ জন, বরিশাল বিভাগে ১৩২ জন, খুলনা বিভাগে ৮২ জন, সিলেট বিভাগে ৩৯ জন, রংপুর বিভাগে ১২ জন এবং ময়মনসিংহ বিভাগে ৮ জন শিশুর মধ্যে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে।