স্টাফ রিপোর্টার: রাজশাহীর পবা ও তানোরের শিমুলতলায় আদিবাসীদের বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও রংপু্েরর তারাগঞ্জে দু’জনকে চুরির অপবাদে পিটিয়ে হত্যার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন কর্মর্সূচি পালন করা হয়েছে।
রবিবার রাজশাহী নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এ কর্মসূচির আয়োজন করে জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটি। এতে আদিবাসী ছাড়াও বিভিন্ন পেশাজীবীরা অংশ নেন।
জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সভাপতি গনেশ মার্ডির সভাপতিত্বে বর্মসূচিতে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড় বক্তব্য রাখেন। তিনি বলেন, গত ৯ আগস্ট রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার বুড়িরহাট এলাকায় রূপলাল রবিদাস ও প্রদীপ রবিদাসকে চুরির অপবাদে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িতরা কেউ গ্রেফতার হয় নি। তিনি এ ঘটনার দ্রুত বিচার, অভিযুক্তদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
একই কর্মসূচি থেকে ক্ষোভ প্রকাশ করে বলা হয়, সম্প্রতি রাজশাহীর পবা উপজেলার বাগসারা ও তানোরের শিমুলতলায় আদিবাসীদের বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও মারধরের ঘটনা ঘটেছে। মামলা হয়েছে। তবে পুলিশ পদক্ষেপ গ্রহণ করেনি। মানববন্ধন কর্মসূচি থেকে এসব ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান বক্তারা।
কর্মসূচিতে অন্যদের মধ্যে জাতীয় আদিবাসী পরিষদের সহসভাপতি রাজকুমার শাও, সদস্য আন্দ্রিয়াস বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা মাহাবুব জামাল কাদেরী, সমাজকর্মী আফজাল হোসেন, এ্যাডভোকেট হাবিবুর রহমান হাসিবুল, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি কল্পনা রায়, এ্যাডভোকেট হোসেন আলী পিয়ারা, ওয়ালিউর রহমান বাবু, রাজশাহী জেলা আদিবাসী পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সুসেন কুমার শ্যামদুয়ার, আদিবাসী নেতা মুকুল বিশ্বাস, রাজশাহী মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক শাওন ভূইয়া প্রমুখ বক্তব্য রাখেন।