১৯ বৈশাখ, ১৪৩৩
০২ মে, ২০২৬

ইমাম-শিক্ষকরাও যেন এমপি হতে পারেন, সে ব্যবস্থা চায় এনসিপি

Admin Published: April 20, 2025, 6:21 pm
ইমাম-শিক্ষকরাও যেন এমপি হতে পারেন, সে ব্যবস্থা চায় এনসিপি

ডিএনএন ডেস্ক: মসজিদের ইমাম, স্কুলের শিক্ষকও যেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জাতীয় সংসদ সদস্য (এমপি) হতে পারে সে ব্যবস্থা চায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২০ এপ্রিল) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমের সামনে কথা বলেন দলটির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী। এটি ছিল এনসিপির সঙ্গে ইসির প্রথম বৈঠক। বেলা সাড়ে ১২টা থেকে প্রায় দুই ঘণ্টা ধরে সিইসির সঙ্গে এনসিপির পাঁচ সদস্যের প্রতিনিধি দল বৈঠক করে।


নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, দেশের সব শ্রেণি-পেশার মানুষের নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করতে হলে ইমাম ও শিক্ষকদের জন্যও সমান সুযোগ তৈরি করতে হবে। মসজিদের ইমাম থেকে স্কুলের শিক্ষকরাও যেন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে সংসদ সদস্য (এমপি) হওয়ার সুযোগ পান, সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।


নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, আমরা একটি সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি। এ প্রক্রিয়ার অন্তর্ভুক্ত করে নির্বাচন কমিশনকেও সংস্কারের আওতায় আনার বিষয়ে আলোচনা হয়েছে। গত ১৫ বছরে যেসব ব্যক্তি জড়িত ছিলেন, তাদেরও যথাযথ আইনি ব্যবস্থার আওতায় আনতে হবে।


তিনি আরো বলেন, গেজেট প্রকাশের ৪৮ ঘণ্টার সার্টিফিকেশন দিতে হবে যে নির্বাচন সুষ্ঠু, বিশ্বাসযোগ্য হয়েছে। এতে পরবর্তী ইসিকে শাস্তির আওতায় আনা যাবে। অতীতে ঋণখেলাপীদেরও ভোটের সুযোগ দেওয়া হয়েছিল। আমরা বলেছি- এটা তদন্ত করে দেখে মামলার মধ্যে নিষ্পত্তি করার জন্য। তারা সম্মত হয়েছে।


রোববার ২০ এপ্রিল রাজনৈতিক নিবন্ধনের আবেদন জমা দেওয়ার শেষ সময়। তবে এনসিপি গত বৃহস্পতিবার নব্বই দিন সময় বাড়ানোর আবেদন করেছে।