৮ বৈশাখ, ১৪৩৩
২১ এপ্রিল, ২০২৬

কল্যাণীর বলিউড যাত্রা

Admin Published: January 6, 2026, 3:55 pm
কল্যাণীর বলিউড যাত্রা

ডিএনএন ডেস্ক: ২০১৭ সালে তেলেগু সিনেমা ‘হ্যালো’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় দক্ষিণী অভিনেত্রী কল্যাণী প্রিয়দর্শনের। তবে ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত মালয়ালম সিনেমা ‘হৃদায়ম’-এর মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা অর্জন করেন। আবেগী অভিনয় ও স্বাভাবিক উপস্থিতির কারণে অল্প সময়েই দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে নিজের আলাদা জায়গা করে নেন এই তরুণ অভিনেত্রী।



এবার বলিউডে পা রাখতে যাচ্ছেন কল্যাণী। বলিউডের জনপ্রিয় পরিচালক প্রিয়দর্শনের কন্যা হিসেবে পরিচিত হলেও অভিনয়ের দক্ষতার জোরেই তিনি দর্শকের মন জয় করেছেন।


ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, রণবীর সিংয়ের পরবর্তী ছবি ‘প্রলয়’-এর মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করবেন তিনি। রহস্যময় গল্পে নির্মিত এই ছবিকে ঘিরে ইতোমধ্যেই দর্শক ও অনুরাগীদের মধ্যে বেশ আগ্রহ তৈরি হয়েছে।


গত বছর মুক্তিপ্রাপ্ত ‘লোকাহ: চ্যাপ্টার ওয়ান চন্দ্রা’ ছবির মাধ্যমে আলোচনায় আসেন কল্যাণী। সেই ধারাবাহিক সাফল্যের পর তাঁর বলিউড ডেবিউ নিয়ে ভক্তদের প্রত্যাশাও তুঙ্গে। দক্ষিণী সিনেমায় নিয়মিত অভিনয়ের সুবাদে বাংলাদেশেও তাঁর জনপ্রিয়তা চোখে পড়ার মতো। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে রয়েছে বিপুলসংখ্যক ভক্ত-অনুসারী।


জানা গেছে, নতুন বছরের ছুটি শেষে দেশে ফিরেই ‘প্রলয়’ ছবির শুটিং শুরু করবেন রণবীর সিং। এই ছবিতে তাঁর সঙ্গে আলিয়া ভাটও অভিনয় করতে পারেন বলে গুঞ্জন রয়েছে। ছবির প্রস্তুতি ইতোমধ্যেই শুরু করেছেন রণবীর।


অভিনয়ের বাইরে শিক্ষাজীবনেও বেশ সমৃদ্ধ কল্যাণী প্রিয়দর্শনের পথচলা। কেরালায় প্রাথমিক শিক্ষা শেষ করার পর তিনি নিউইয়র্ক সিটির পার্সনস স্কুল অব ডিজাইন থেকে আর্কিটেকচারাল ডিজাইনে স্নাতক ডিগ্রি অর্জন করেন। নিউইয়র্কে থাকাকালীন অভিনয় ও চলচ্চিত্রের প্রতি আগ্রহ থেকে একটি থিয়েটারে ইন্টার্ন হিসেবেও কাজ করেন তিনি। পাশাপাশি পন্ডিচেরির আদিশক্তি থিয়েটারে নাট্যশিক্ষা গ্রহণ করেন। চলচ্চিত্রাঙ্গনে তাঁর পথচলা শুরু হয় ক্যামেরার পেছনে। ২০১৩ সালে ‘কৃষ থ্রি’ সিনেমায় সহকারী ডিজাইনার হিসেবে কাজ করেন কল্যাণী।


এরপর বিভিন্ন দক্ষিণ ভারতীয় ছবিতে সহকারী পরিচালক ও প্রযোজক হিসেবেও দায়িত্ব পালন করেন। অবশেষে ২০১৭ সালে ‘হ্যালো’ সিনেমার মাধ্যমে অভিনেত্রী হিসেবে যাত্রা শুরু করেন তিনি।


দক্ষিণী সিনেমায় প্রতিষ্ঠার পর বলিউডে নতুন অধ্যায় শুরু করতে চলেছেন কল্যাণী প্রিয়দর্শন। যা তাঁর ক্যারিয়ারে এক গুরুত্বপূর্ণ মোড় বলেই মনে করছেন চলচ্চিত্র বিশ্লেষকরা।