৬ বৈশাখ, ১৪৩৩
১৯ এপ্রিল, ২০২৬

‘মানব পাচার রোধে বৈধ অভিবাসন নিশ্চিতকরণের আহ্বান’

Admin Published: March 4, 2026, 2:08 pm
‘মানব পাচার রোধে বৈধ অভিবাসন নিশ্চিতকরণের আহ্বান’

স্টাফ রিপোর্টার : বৈধ অভিবাসন নিশ্চিত ও মানব পাচার রোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণে রাজশাহীর পবায় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির মাসিক সভা এবং শিশু সুরক্ষা নিশ্চিতকরণ এর লক্ষ্যে শিশু কল্যাণ বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সভায় বলা হয় মানব পাচার ও চোরাচালান মানুষের জীবন বিপন্ন  করে। তাই প্রতিটি পরিবারকে বৈধ অভিবাসন প্রক্রিয়া অনুসরণ করার ওপর জোর দেওয়া হয়েছে।

বুধবার উপজেলা পরিষদ সভাকক্ষে পৃথক সভার আয়োজন করে পবা উপজেলা প্রশাসন। এতে সহযোগিতা করে ‘জাস্টিস এন্ড কেয়ার’ সংস্থা। উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ সভাপতি বক্তব্যে বলেন, মানব পাচার রোধে সচেতনতা বৃদ্ধি ও আইনগত প্রয়োগ অপরিহার্য। প্রতিটি পরিবারকে বৈধ অভিবাসন প্রক্রিয়া অনুসরণ করতে হবে। আমরা কমিটির মাধ্যমে নিয়মিত সমন্বয়, নজরদারি ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে মানব পাচার প্রতিরোধে দৃঢ় পদক্ষেপ গ্রহণ করছি।

তিনি আরও বলেন, নিরাপদ ও বৈধ অভিবাসন নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব, যা পরিবার ও সমাজকে সুরক্ষিত রাখবে।

সভায় মানব পাচার প্রতিরোধ কমিটির কার্যপরিধি, ভূমিকা এবং বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বিস্তৃত আলোচনা করা হয়। ‘জাস্টিস এন্ড কেয়ার’ সংস্থার হেড অব প্রোগ্রাম মো. সিরাজ উদ্দিন বেলাল মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এছাড়া সংস্থার প্রোগ্রাম অফিসার জান্নাতুল আনজুম অর্পি কমিটির উদ্দেশ্য ও কার্যপরিধি বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা প্রদান করেন।

পবা উপজেলা সমাজসেবা অফিসের মোহাম্মদ হোসেন খান এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, আরএমপি এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ মাসুমা মোস্তারী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা খাতুন, যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান এবং পারিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাঈদ আলী। তারা সকলেই মানব পাচার রোধে সচেতনতামূলক কার্যক্রম, আইনগত নিয়মের যথাযথ প্রয়োগ এবং বৈধ অভিবাসনের ওপর গুরুত্বারোপ করেন।