মাওলানা সাদকে ইজতেমায় আসতে
দেওয়ার দাবিতে রাজশাহীতে
অনুসারিদের স্মারকলিপি
স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ ভারতীয় আলেম মাওলানা সাদ কান্ধলভীকে বাংলাদেশের বিশ্ব ইজতেমায় আসতে দেওয়ার দাবি জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন তাঁর অনুসারিরা। রাজশাহীর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর এই স্মারকলিপি দেন তারা।
সোমবার বেলা ১১ টার দিকে মাওলানা সাদের প্রায় তিন শতাধিক অনুসারি রাজশাহীর জেলা প্রশাসকের কার্যালয়ে এসে একটি প্রতিনিধিদল জেলা প্রশাসক আফিয়া আখতারের কাছে স্মারকলিপিটি তুলে দেন।
এ সময় তাবলীগ জামাত বাংলাদেশের রাজশাহী জেলা মারকাজের আমীর ডা. মুহাম্মাদ আমীনুল ইসলাম, সাথী ডা. মুরশেদুল আলম, আতাউর রহমান মানিক, মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ গোলাম আজম প্রমুখ উপস্থিত ছিলেন।
এ বছর টঙ্গির বিশ্ব ইজতেমায় মাওলানা সাদকে আসতে দেওয়ার দাবি জানিয়ে স্মারকলিপিতে বলা হয়, ‘কোনরূপ যৌক্তিক কারণ ছাড়াই দাওয়াত ও তাবলীগের বিশ্ব আমীর হযরত মাওলানা সা’দ বাংলাদেশে আসতে পারছেন না। বিগত ৭ বছর যাবৎ আমরা কোরআন ও হাদিসের আলোকে তাঁর মূল্যবান বক্তব্য শুনা থেকে বঞ্চিত হচ্ছি। অথচ তিনি ইতোপূর্বে বিশ্ব ইজতেমার প্রধান বক্তা ছিলেন এবং আখেরি মোনাজাত পরিচালনা করতেন। তিনি বাধাহীনভাবে সারাবিশ্বে তাবলীগের কাজে সফর করে চলেছেন।’
মাওলানা সা’দের অনুসারিদের স্মারকলিপিতে আরও বলা হয়, ‘বিগত ৭ বছর যাবৎ মাওলানা জুবায়েরপন্থীগণ আমাদের মূলধারার সাথীদের মসজিদে দাওয়াতের কাজ বন্ধ করার জন্য বিভিন্নভাবে মারপিট, হত্যা, জুলুম-নির্যাতন এবং কুৎসা রটনা-অপপ্রচার চালাচ্ছেন, যা ইসলামি শরিয়ত, বাংলাদেশের সংবিধান ও প্রচলিত আইনের সুস্পষ্ট লংঘন। তাই আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠুভাবে বজায় রাখার স্বার্থে দেশের সকল মসজিদে বাধাহীনভাবে তাবলীগের কাজ পরিচালিত হওয়ার ব্যাপারে সুস্পষ্ট আদেশ জারির জন্যও দাবী জানানো হয়।