৮ বৈশাখ, ১৪৩৩
২১ এপ্রিল, ২০২৬

মনোহরদীতে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ, আহত ১০

Admin Published: December 8, 2024, 2:40 am
মনোহরদীতে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ, আহত ১০

ডিএনএন ডেস্কঃ নরসিংদীর মনোহরদী উপজেলার চালাকচরে বিএনপির দুই পক্ষে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে এবং ৩টি গাড়ি ভাঙচুর করা হয়। 

জানা যায়, শনিবার বেলা এগারটার দিকে বিএনপির কেন্দ্রীয় কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক লে. কর্নেল জয়নুল আবেদীন তার নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলার চালাকচর বাজারে গণসংযোগ করার সময় সাবেক সংসদ সদস্য সরদার সাখাওয়াত হোসেন বকুলের নেতাকর্মীরা বাধা দেন। এসময় উভয় পক্ষের নেতাকর্মীরা সংঘর্ষে জড়ান। এসময় অন্তত ১০ জন আহত হন। সংঘর্ষ চলাকালে জয়নুল আবেদীনের গাড়িসহ অন্তত ৩টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

আহতরা হলেন, ছাত্রদল নেতা মনিরুজ্জামান ছোটন, মিজানুর রহমান, আ. মোতালিব, মোস্তফা হোসেন, আল আমিন, ফাহিম, রায়হান উদ্দিন শিপন, নাজমুল আলম মিতুল, মুখলেছুর রহমান, আলমগীর হোসেন ও আকাশ। আহতদের মধ্যে ছাত্রদল নেতা ফাহিমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার বিষয়ে বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক লে. কর্নেল জয়নুল আবেদীন সাংবাদিকদের জানান, চালাকচর বাজারে আমরা শান্তিপূর্ণ গণসংযোগে গেলে কিছু উশৃংঙ্খল যুবক আমার নেতাকর্মীদের ওপর হামলা করে। হামলায় আমার গাড়ি ভাঙচুর করা হয় এবং ৫ জন নেতাকর্মী আহত হয়।

জানতে চাইলে মনোহরদী উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য সরদার সাখাওয়াত হোসেন বকুল সাংবাদিকদের জানান, তিনি এ বিষয়ে কোন কিছুই জানেন না। তাকে কেউ জানায়নি।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল হোসেন জানান, সংঘর্ষের বিষয়ে জানতে পেরে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে এ বিষয়ে এখনো কেউ কোন লিখিত অভিযোগ করেনি।

ডিএনএন/এলএস /৮ ডিসেম্বর