ডিএনএন ডেস্ক: ফুটবল ইতিহাসের অন্যতম মহানায়ক দিয়েগো আরমান্দো ম্যারাডোনার মৃত্যুর জন্য দায়ীদের চিহ্নিত করতে আর্জেন্টিনায় নতুন করে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। পূর্ববর্তী বিচারটি বিচারকের ব্যক্তিগত কেলেঙ্কারি ও পক্ষপাতিত্বের অভিযোগে বাতিল হওয়ার প্রায় এক বছর পর, জনমতের প্রবল চাপের মুখে সান ইসিদ্রোর একটি আদালতে এই শুনানি শুরু হলো।
ফুটবল কিংবদন্তির মৃত্যুর ঘটনায় মোট সাতজন চিকিৎসা পেশাজীবীকে অভিযুক্ত করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন ম্যারাডোনার ব্যক্তিগত নিউরোসার্জন লিওপোল্ডো লুকে, মনোচিকিৎসক অগাস্টিনা কোসাশভ এবং মনোবিজ্ঞানী কার্লোস ডিয়াজ। তাদের বিরুদ্ধে ‘প্রচ্ছন্ন উদ্দেশ্যমূলক অবহেলাজনিত হত্যা’র অভিযোগ আনা হয়েছে।
আর্জেন্টাইন আইন অনুযায়ী, এই অপরাধ প্রমাণিত হলে অভিযুক্তদের ৮ থেকে ২৫ বছরের কারাদণ্ড হতে পারে। তবে শুরু থেকেই অভিযুক্তরা নিজেদের নির্দোষ দাবি করে আসছেন।
এর আগে প্রায় তিন মাসব্যাপী চলা একটি বিচার প্রক্রিয়া বাতিলের প্রেক্ষাপটে এই নতুন ট্রায়াল শুরু হয়েছে। আগের বিচারক হুলিয়েতা মাকিনটাচের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি একটি তথ্যচিত্র নির্মাণের জন্য আদালতের কার্যক্রম রেকর্ড করার গোপন অনুমতি দিয়েছিলেন।
এই কেলেঙ্কারির জেরে তাকে পদচ্যুত করা হয় এবং আগের সব কার্যক্রম বাতিল ঘোষণা করা হয়। নতুন বিচারে আলবার্তো গাইগ, আলবার্তো অরটোলানি এবং পাবলো রোলান—এই তিন বিচারকের ওপর দায়িত্ব দেওয়া হয়েছে সত্য উদ্ঘাটনের।
ম্যারাডোনার কনিষ্ঠ পুত্র দিয়েগো ফার্নান্দোর আইনজীবী মারিও বাউড্রি আদালতের কাছে ন্যায়বিচারের দাবি জানিয়ে বলেন, আমরা আশা করি, আদালত বুঝতে পারবেন দিয়েগো আর্জেন্টাইনদের কাছে কী ছিলেন।
তিনি অভিযুক্ত চিকিৎসকদের কঠোর শাস্তির দাবি করেন। অন্যদিকে, বিবাদী পক্ষের আইনজীবীদের দাবি, ম্যারাডোনা আগে থেকেই দীর্ঘস্থায়ী শারীরিক জটিলতায় ভুগছিলেন এবং এখানে কোনো অপরাধমূলক পরিকল্পনা ছিল না।
সিএনএনের প্রতিবেদনে জানা যায়, এবারের বিচারে সাক্ষীর সংখ্যা কমিয়ে ১০০ জনে সীমাবদ্ধ করা হয়েছে, যাতে বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হয়।
আরও জানা যায়, ম্যারাডোনার তিন কন্যা—ডালমা, জিয়ানিনা ও জানা ছাড়াও তার সাবেক সঙ্গী ভেরোনিকা ওজেদাও সাক্ষী হিসেবে উপস্থিত থাকবেন।