স্টাফ রিপোর্টার : নতুন বছরে নবায়নযোগ্য জ্বালানীর পক্ষে রাজশাহীতে প্রচারণা চালিয়েছেন তৃণমূলের নারীরা। মঙ্গলবার দুপুরে নগরীর বড়কুঠি এলাকায় এই প্রচারণা চালানো হয়। এসময় তারা নতুন বছরে শতভাগ নবায়নযোগ্য শক্তির পথে বাধা দূর করার আহ্বান জানান।
এসময় বক্তব্য দেন নারী নেত্রী পিয়া খাতুন, শাপলা খাতুন, নুপুর সুলতানা, পরিবর্তনের পরিচালক রাশেদ রিপন ও প্রোগ্রাম অফিসার সোমা হাসান।
নতুন বছরকে স্বাগত জানানোর প্রাক্কালে ‘পরিবর্তন রাজশাহী’ ‘ক্লিন’ ও বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (বিডব্লিউজিইডি) জোট দেশের মানুষকে শতভাগ নবায়নযোগ্য জ্বালানি অর্জনের পথে সকল বাধা বিপত্তি দূর করতে এবং নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে উৎসাহিত করার প্রচার চালান।
এ সময় বক্তারা বলেন, বাংলাদেশে নবায়নযোগ্য শক্তি গ্রহণের পথে বহু বছর ধরে বিভিন্ন বাধা বিদ্যমান। এই বাধাগুলোর মধ্যে রয়েছে জটিল অনুমোদন প্রক্রিয়া, আর্থিক সীমাবদ্ধতা, অবকাঠামোগত দুর্বলতা এবং নীতিমালার ঘাটতি। রাজশাহীর এই উদ্যোগ শুধু বাধাগুলো শনাক্ত করে তা সমাধানের জন্য নির্দিষ্ট দাবিও উত্থাপন করে। প্রচার কর্মসূচি থেকে কেন্দ্রীয় অনুমোদন প্রক্রিয়া ব্যবস্থা স্থাপনের দাবি জানানো হয়।
প্রচারকালে নবায়নযোগ্য এবং জীবাশ্ম জ্বালানিভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে ‘নো ইলেক্ট্রিসিটি নো পে’ নীতি দ্রুত চালুর দাবী করা হয়। বক্তারা বলেন, এই নীতি গ্রহণের ফলে ক্যাপাসিটি চার্জের বোঝা থেকে আমরা অচিরেই বেরিয়ে আসতে পারবো।
কর্মসূচি থেকে বলা হয়, ২০২৫ সালে এই প্রচারণা শুধুমাত্র রাজশাহীর নয়, পুরো বাংলাদেশের জন্য একটি নতুন দিনের সূচনা কবরে উল্লেখ করে নবায়নযোগ্য শক্তির মাধ্যমে একটি পরিচ্ছন্ন এবং টেকসই ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানানো হয়।