১৭ বৈশাখ, ১৪৩৩
৩০ এপ্রিল, ২০২৬

অটোরিকশায় ছাত্রীর সামনে অশোভন আচরণের অভিযোগে বখাটে গ্রেফতার

Admin Published: March 12, 2025, 2:29 pm
অটোরিকশায় ছাত্রীর  সামনে অশোভন আচরণের  অভিযোগে বখাটে গ্রেফতার

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে অটোরিকশায় উঠে এক বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রীর সামনে অশোভন আচরণের অভিযোগে মো. রানা (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার নওগাঁর মান্দা থেকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) তাকে গ্রেফতার করে। গ্রেফতার রানা রাজশাহী নগরের কেশবপুর এলাকার বাসিন্দা।

জানা গেছে, ভুক্তভোগী ছাত্রী বুধবার সকালে রাজশাহীর রাজপাড়া থানায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। পুলিশ জানিয়েছে, এ মামলায় গ্রেফতার দেখিয়ে রানাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

রাজশাহীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন ও মানবাধিকার বিভাগের ওই ছাত্রী মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে অটোরিকশায় উঠেছিলেন। তার সামনে বসা রানা একাধিকবার ছাত্রীর পায়ে নিজের পা স্পর্শ করেন এবং একপর্যায়ে নিজের স্পর্শকাতর অঙ্গে হাত দিয়ে অশোভন আচরণ করতে থাকেন।

এসময় ওই ছাত্রী ঘটনার ভিডিও ধারণ করে নিজের ফেসবুকে প্রকাশ করলে এটি ভাইরাল হয়ে যায়। এরপর স্থানীয় ছাত্র ও জনতা রানার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করে। তবে তিনি স্ত্রী-সন্তানসহ বাড়ির পেছনের দরজা দিয়ে পালিয়ে যান।

বুধবার দুপুরে এক সংবাদ ব্রিফিংয়ে আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান জানান, সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় গোয়েন্দা পুলিশ রানাকে নওগাঁর মান্দা থেকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে মামলা হয়েছে। অতীতেও তিনি এ ধরনের কোনো অপরাধের সঙ্গে জড়িত ছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।