পাবনা প্রতিনিধ : সেনাবাহিনীর বিশেষ অভিযানে পাবনার সুজানগর উপজেলার আমিনপুর থেকে ১৭ মামলার আসামি সন্ত্রাসী বাবু ওরফে কাঙ্গাল বাবু ওরফে জাইরা বাবুু (৪৩) কে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (০৬) বিকেলে সেনাবাহিনীর মেজর শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসআই) এর গোপন তথ্যের ভিত্তিতে সোমবার রাত ১২টা থেকে সকাল ৭টা পর্যন্ত অভিযান চালানো হয়। সে সময় চিহ্নিত সন্ত্রাসী বাবুর কাছ থেকে দেশীয তৈরী একটি একনলা বন্দুক উদ্ধার করে সেনাবাহিনী।
গ্রেপ্তারকৃত বাবু সাগরকান্দি ইউনিয়নের কেষ্টপুর গ্রামের আইজ উদ্দিন মন্ডলের ছেলে। তিনি আওয়ামী লীগের সময় আমিনপুর থানা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী খানের সাথে মিশে থাকতেন।
গত বছরের ২১ জুলাই তাকে আমিনপুর থানা পুলিশ আটক করলেও অর্থের বিনিময়ে তাকে থানা থেকে ছেড়ে দেওয়া হয় বলে সূত্র নিশ্চিত করেছে।
অভিযানে নেতৃত্ব থাকা মেজর শরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাবনার আমিনপুর থানার সাগরকান্দি কেষ্টপুর এলাকায় আনুমানিক ৪৫ সদস্যর একটি সশস্ত্র চৌকস টিমসহ সোমবার দিবাগত রাত থেকে সকাল পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। সে সময় চিহ্নিত সন্ত্রাসী বিভিন্ন মামলার আসামী বাবু ওরফে কবির কাঙ্গাল বা জাইরা বাবুকে আটক করা হয়।
চিহ্নিত সন্ত্রাসী বাবু সে বিভিন্ন সময় দল বদল করে রাজনৈতিক দলের নেতাদের ছত্রছায়ায় খুন, ডাকাতি, অবৈধভাবে মাটি কাটা, বালু উত্তোলন, অপহরণ, হাটবাজারে চাঁদাবাজিসহ ১৭টি সুনির্দিষ্ট মামলা রয়েছে তার বিরুদ্ধে। পরবর্তীতে তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আমিনপুর থানায় হস্তান্তর করা হয়।
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আলমগীর হোসেন বলেন, ’সেনাবাহিনী থানায় হস্তান্তর করার পর সোমবার বিকেলে পাবনার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। সেখান থেকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে।’
গত জুলাই মাসেও তাকে আটক করার পর পুলিশ অর্থের বিনিময়ে তাকে ছেড়ে দেয় এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ’আমি তখন এখানে ছিলাম না। বিষয়টি জানাও নেই।’