ডিএনএন ডেস্ক: গেল মাসের ২২ নভেম্বর নিজের একক গান প্রকাশের ঘোষণা দেন সংগীতশিল্পী মৌমিতা তাসরিন নদী। কিন্তু ভূমিকম্প আতঙ্কের মাঝে গানটি প্রকাশের সিদ্ধান্ত থেকে সড়ে আসেন এই শিল্পী। অপেক্ষার পালা শেষে বুধবার মুক্তি পেয়েছে ‘তুমিহীনা’ শিরোনামে নদীর নতুন গান।গানটির কথা লিখেছেন নদী নিজেই। গানটির সুর করেছেন নদী ও হৃদয় হাসিন। এটির সংগীতায়োজনে ছিলেন হৃদয় হাসিন। গানটির মিউজিক ভিডিও পরিচালনায় ছিলেন সোহেল রাজ।
গানটি প্রসঙ্গ নদী বলেন, “তুমিহীনা’ গানটি আমার কাছে নানা কারণে বিশেষ। কারণ, শিল্পীদের সবসময় নিজের পছন্দ মতো কাজ করা হয় না। এবার আমার নিজের ভালোলাগাগুলো প্রাধান্য দিয়েই গানটি করেছি। গান লেখা বা সুর করার কাজগুলো আমি বেশকিছু সময় ধরেই করে আসছি। কিন্তু নিজের ভেতরের যে চাওয়াটা সেভাবে কোন গান আমার করা হয়ে উঠছিলো না। আমি ব্যক্তিগতভাবে আনন্দিত নিজের ভালোলাগার একটি কাজ করতে পেরে।”
নদী জানান, ১০ ডিসেম্বর ‘তুমিহীনা’ গানটি নির্মিত হয়েছে তার নিজস্ব ব্যানার ‘নদীমাতৃক প্রোডাকশন’ থেকে। আর ইউটিউব ছাড়াও স্পটিফাই, অ্যাপেল মিউজিকসহ দেশি ও আন্তর্জাতিক বেশকিছু মিউজিক প্ল্যাটফর্মে শুনতে পাওয়া যাবে গানটি।
প্রসঙ্গত, ২০১০ সালে চ্যানেল আই সেরা কণ্ঠ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দ্বিতীয় রানার আপ হন নদী। এরপর থেকে নিয়মিত গান করে আসছেন তিনি। ‘জলছায়া’, ‘নিঃশ্বাস’, ‘রঙিলা আকাশ, ‘অচিনপুর’, ‘মুগ্ধতা’, ‘আমার তো কেউ নেই তুমি ছাড়া’, ‘দেশি গার্ল’, ‘হারানো যাবে না’, ‘কথা দিলাম’, ‘তোমাকে দেব না হারাতে’, ‘পোড়ামন ২’ সিনেমায় গাওয়া ‘সুতো কাটা ঘুড়ি’র মত জনপ্রিয় গান শ্রোতাদের উপহার দিয়েছেন তিনি।