৭ বৈশাখ, ১৪৩৩
২০ এপ্রিল, ২০২৬

রাজশাহীতে ১৬ মামলা গ্রেফতার ২২০

Admin Published: July 25, 2024, 10:36 pm
রাজশাহীতে ১৬ মামলা গ্রেফতার ২২০

স্টাফ রিপোর্টার : কোটা সংস্কার আন্দোলনের নামে রাজশাহীতে সংঘর্ষ, হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ, হাতবোমা বিস্ফোরণ ও পুলিশের কাজে বাধার ঘটনায় ১৬টি মামলা হয়েছে। এর মধ্যে রাজশাহী মহানগরীর তিনটি থানায় সাতটি এবং জেলার আটটি থানায় নয়টি মামলা হয়। এ সব মামলায় বৃহস্পতিবার ভোর পর্যন্ত ২২০ জনকে গ্রেফতার করেছে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা। এর মধ্যে মহানগরে ১০৮ জন ও জেলায় ১১২ জন।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেলের মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জামিরুল ইসলাম এবং জেলা পুলিশের মিডিয়া সেলের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
রাজশাহী নগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জামিরুল ইসলাম জানান, রাজশাহী নগরীর তিনটি থানায় সাতটি মামলা হয়েছে। এর মধ্যে বোয়ালিয়া থানায় চারটি, মতিহার থানায় দুইটি ও চন্দ্রিমা থানায় একটি।
তিনি বলেন, এসব মামলায় বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত রাজশাহী মহানগরীর ১২টি থানায় মোট ৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে গত ২৪ ঘণ্টায়। এর মধ্যে নাশকতার সাত মামলায় রয়েছে ১৫ জন। যাদের সবাই বিএনপি ও জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত। এ নিয়ে নাশকতার সাত মামলায় মোট ১০৮ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি।
জামিরুল ইসলাম জানান, গত ১৬ জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হলে হলে হামলা করে ছাত্রলীগ নেতাকর্মীদের কক্ষ ভাংচুর ও তাদের ১৫টি মোটর সাইকেলে অগ্নিসংযোগের ঘটনায় মতিহার থানায় একটি মামলা হয়েছে। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবু কাইয়ুম বাদি হয়ে মামলা করেছেন। মামলায় ২০ জনের নাম উল্লেখ করা হয়েছে।
এছাড়াও ১৭ জুলাই উপাচার্যসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারিদের অবরুদ্ধ করে রাখা এবং পুলিশের কাজে বাধা দেওয়ার ঘটনায় পুলিশ বাদি হয়েছে একটি মামলা করেছে। এ মামলায় ৩০০ থেকে ৪০০ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে।
অপরদিকে, গত ১৮ জুলাই নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে আওয়ামী লীগের সঙ্গে আন্দোলনকারিদের সংঘর্ষ, হাতবোমার বিস্ফোরণ, আরডিএ মার্কেটের সামনে পুলিশের উপর হামলা, হাত বোমার বিস্ফোরণ এবং মহিলা কলেজের সামনে পুলিশের উপর হামলা ও গাড়ি ভাংচুরের ঘটনায় বোয়ালিয়া মডেল থানায় তিনটি মামলা হয়েছে। প্রতিটি মামলায় ৩০০ থেকে ৪০০ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে। এছাড়াও ১৯ জুলাই বিকেলে মালোপাড়া এলাকায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ, হাতবোমার বিস্ফোরণের ঘটনায় বোয়ালিয়া থানায় একটি মামলা হয়েছে।
এদিকে জেলা পুলিশের মিডিয়া সেলের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম, পুলিশের উপর হামলা, সরকারি কাজে বাধা, হাতবোমার বিস্ফোরণ, আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ ও গাড়ি ভাংচুরের ঘটনায় জেলা আটটি থানায় নয়টি মামলা দায়ের করা হয়েছে।
তিনি বলেন, নয়টি মামলায় এখন পর্যন্ত ১১২ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মী রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।