৭ বৈশাখ, ১৪৩৩
২০ এপ্রিল, ২০২৬

সারজিস ও হাসনাতকেও হেফাজতে নিয়েছে ডিবি

Admin Published: July 27, 2024, 11:51 pm
সারজিস ও হাসনাতকেও হেফাজতে নিয়েছে ডিবি সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ

ডিএনএন ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। আজ শনিবার সন্ধ্যায় তাদের হেফাজতে নেয় তারা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ককে হেফাজতে নেওয়ার কথা সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত উপকমিশনার (ডিবি) মো. জুনায়েদ আলম সরকার। তিনি বলেন, আজ সন্ধ্যায় সারজিস ও হাসনাতকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। এই দুজনকেও ব্যক্তিগত নিরাপত্তা দিতে ও সাম্প্রতিক ঘটনাবলি সম্পর্কে তথ্য জানতে হেফাজতে নেওয়া হয়েছে।

এর আগে গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টার রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে তুলে নিয়ে যায় ডিবি। এর মধ্যে নাহিদ ও আসিফ হাসপাতালটিতে চিকিৎসাধীন ছিলেন। এর আগেও তাদের আইন-শৃঙ্খলা রক্ষাকাকারী বাহিনী পরিচয়ে তুলে নেওয়া হয়েছিল।

নাহিদ-আসিফ-বাকেরকে তুলে নেওয়ার বিষয়ে আজ দুপুরে নিজ কার্যালয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদ বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে আমরা গতকাল রাতে এনেছি। বিভিন্ন জায়গায়, ফেসবুকে তারা নিরাপত্তাহীনতার কথা বলছিলেন। তাদের একজনের বাবাও নিরাপত্তাহীনতার কথা বিভিন্ন জায়গায় প্রকাশ করছিলেন।’

তিনি বলেন, 'আমরা মনে করি, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে এটাও আমাদের দায়িত্ব—কেউ যদি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা অন্য কোথাও নিরাপত্তাহীনতার কথা বলে, তাকে সেফটি-সিকিউরিটি দেওয়া। আমরা তাদের সেফটি-সিকিউরিটি দিচ্ছি।’