স্টাফ রিপোর্টার : বিস্ফোরণ ঘটানো, অবৈধ প্রভাব বিস্তার ও সন্ত্রাসী তৎপরতার অভিযোগে রাজশাহীতে যুবলীগ ও ছাত্রলীগের ২ জনকে গ্রেফতার করেছে মহানগর পুলিশ। এছাড়া গত ২৪ ঘন্টায় বিভিন্ন অপরাধে আরো ৮ জনকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মহানগর পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পুলিশ জানায়, মহানগরীর বিভিন্ন স্থানে পরিচালিত বিশেষ অভিযানে বিস্ফোরণ ঘটানো, অবৈধ প্রভাব বিস্তার ও সন্ত্রাসী তৎপরতার অভিযোগে গ্রেফতার দুজন হলো, এস কে এন আরকান উদ্দিন বাপ্পি (৪৯) ও রাহুল ভট্রাচার্য (২৭)।
এদের মধ্যে আরকান উদ্দিন রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার কুমার পাড়ার মৃত আনসার উদ্দিন আনফোরের ছেলে। সে রাজশাহী মহানগর যুবলীগের সাবেক গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ও রাহুল শাহমখদুম থানার ওমরপুর নওদাপাড়ার দিলীপ ভট্টাচার্যের ছেলে। সে রাজশাহী কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।
এছাড়াও অন্যান্য অভিযোগে আরও ৮ জনকে আটক করা হয়েছে, যার মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৫ জন এবং অন্যান্য মামলায় ৩ জন রয়েছেন। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।