স্টাফ রির্পোর্টার : াবাংলাদেশ দলিল লেখক সমিতি বগুড়া সদর শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২৬ জুলাই) দুপুরে বগুড়ার তন্ময় কমিউনিটি সেন্টারে এই অভিষেক ও শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার রাজনৈতিক, প্রশাসনিক ও দলিল লেখক সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিরা অংশ নেন। এসময় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র রেজাউল করিম বাদশা। তিনি বলেন,“ভূমি সেবায় দলিল লেখকদের ভূমিকা অপরিসীম। জনসাধারণ যেন হয়রানির শিকার না হয়, সেদিকে খেয়াল রেখে সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।”
অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন। শপথবাক্য পাঠ করান বগুড়া জেলা রেজিস্ট্রার মো. সিরাজুল করিম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ দলিল লেখক সমিতির সিনিয়র যুগ্ম মহাসচিব কে এস হোসেন টমাস। প্রধান বক্তা ছিলেন সংগঠনের মহাসচিব আলহাজ এম. এ রশিদ। তিনি বলেন, “সমিতির সদস্যদের মর্যাদা, অধিকার ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রথম অগ্রাধিকার। এ লক্ষ্যে কেন্দ্রীয় কমিটি সক্রিয়ভাবে কাজ করছে।”
রাজশাহী বিভাগের সভাপতি এস এম আয়নাল হক বলেন,“আজকের অভিষেক শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটি একটি দায়বদ্ধতার সূচনা। আমরা চাই, প্রতিটি দলিল লেখক নির্ভরতা ও পেশাগত নীতির প্রতীক হয়ে উঠুক। রাজশাহী বিভাগে সংগঠনের কাঠামো আরও শক্তিশালী করতে আমরা প্রতিনিয়ত কাজ করছি।” তিনি আরও বলেন, “ভবিষ্যতে প্রশিক্ষণ, ডিজিটাল দক্ষতা ও সদস্যদের কল্যাণে প্রকল্প বাস্তবায়নই হবে আমাদের মূল লক্ষ্য।”
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- বগুড়া শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু, সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, সাব-রেজিস্ট্রার অনিমেষ কুমার পাল, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সৈয়দ জহুরুল আলম, ঢাকা বিভাগের সভাপতি ফিরোজ আলম,রংপুর বিভাগের সভাপতি মোস্তাফিজুর রহমান মল্লিক ও ফরিদপুর বিভাগের সভাপতি আলহাজ্ব নুরুল হক মিয়া।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন বগুড়া সদর দলিল লেখক সমিতির নির্বাচন কমিশনার মো. মাহফুজার রহমান এবং আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মাদ আলী।
রাজশাহীর পবা উপজেলার দলিল লেখক আনোয়ার হোসেনসহ বগুড়ার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত দলিল লেখকরাও উপস্থিত ছিলেন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মাহবুবুর রহমান, হাফিজ আহমেদ, জাহাঙ্গীর হোসেন টুকু ও মোকছুলুল ইসলাম রোজি।
উপস্থিত বক্তারা বলেন, দলিল লেখকদের আইনি প্রশিক্ষণ, নৈতিকতা ও ডিজিটাল সেবার সঙ্গে খাপ খাওয়ানোর এখনই সময়। এই সংগঠন যেন আরও শক্তিশালী ও যুগোপযোগী হয়- সেই প্রত্যাশা থেকেই এই অভিষেক অনুষ্ঠানকে গুরুত্ব দেওয়া হচ্ছে।