২৬ কার্তিক, ১৪৩৩
১০ নভেম্বর, ২০২৬

আন্দোলন করতে গিয়ে চাকুরী হারালেন রূপপুর প্রকল্পের ১৮ কর্মকর্তা-কর্মচারী

Admin Published: May 11, 2025, 11:44 pm
আন্দোলন করতে গিয়ে চাকুরী হারালেন রূপপুর প্রকল্পের ১৮ কর্মকর্তা-কর্মচারী

পাবনা প্রতিনিধি: পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালকের অপসারণের আন্দোলন করতে গিয়ে চাকুরী হারালেন  প্রকল্পের ১৮ কর্মকর্তা-কর্মচারী। তবে প্রকল্প কর্মকর্তার দাবি, চাকুরীবিধি না মানায় তাদের অব্যাহতি প্রদান করা হয়েছে। একইসঙ্গে নিরাপত্তার স্বার্থে চাকুরীচ্যুতদের রূপপুর প্রকল্প ও গ্রিনসিটি আবাসিক এলাকায় প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।


রোববার (১১ মে) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন রুপপুর প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস।


এর আগে গত বৃহস্পতিবার (০৮ মে) রূপপুর প্রকল্প পরিচালক ও এনপিসিবিএল- এর ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশে তাদের অব্যাহতি প্রদানের কথা জানানো হয়।


এরপর কোম্পানির প্রত্যেক কর্মকর্তা কর্মচারীকে বৃহস্পতিবার (০৮ মে) থেকে শনিবার (১০ মে) পর্যন্ত ইমেইল বার্তাসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন মহলে এ অব্যাহতিপত্রের কথা জানানো হয়।


অব্যাহতি পত্রে বলা হয়, ‘এনপিসিবিএল- কোম্পানিতে নিয়োগপ্রাপ্ত এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের সঙ্গে সংযুক্ত ১৮ জন কর্মকর্তা-কর্মচারীকে এনপিসিবিএল এর চাকুরি হতে অব্যাহতি প্রদান করা হয়েছে। নিয়ম অনুযায়ী আপনারা নোটিশ পেমেন্ট বাবদ তিনমাসের বেতন ভাতা পাবেন।’


একইসঙ্গে নিরাপত্তার স্বার্থে ১৮ কর্মকর্তা-কর্মচারীকে রুপপুর প্রকল্প এলাকায় ও গ্রিনসিটিতে প্রবেশ বন্ধে অনুরোধ করা হয়েছে সংশ্লিষ্ট বিভাগকে।


নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ড. মো. জাহেদুল হাসান বলেন, 'চাকুরীবিধি না মানায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কোম্পানির ১৮ জনকে অব্যাহতিপত্র প্রদান করা হয়। এর বেশি কিছু বলা সম্ভব নয়।'  


রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সাইড ইনচার্জ রুহুল কুদ্দুস সত্যতা স্বীকার করে জানান, বিষয়টি সম্পর্কে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তায় দায়িত্বপ্রাপ্ত অথরিটির প্রধানকে অবহিত করা হয়েছে। তিনিও বিষয়টি জেনেছেন।


চাকরি থেকে অব্যাহতি পাওয়া হাশমত আলী নামের এক প্রকৌশলী জানান, ‌ইতোমধ্যে নোটিশটি ইমেইলে পেয়েছি। কেন  চাকরিচ্যুত করা হলো তা সুনির্দিষ্ট করে জানানো হয়নি। কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী আমি প্রকল্পের আবাসিক এলাকা গ্রিন সিটির ভবন ছেড়ে দেওয়ার কাজে ব্যস্ত।'


প্রকৌশলী হাশমত আরো জানান, ‌'চাকরিচ্যুত ১৮ জনের মধ্যে ১৫ জন বিএসসি ইঞ্জিনিয়ার ও তিনজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। হঠাৎ করে এ বরখাস্তের বিরুদ্ধে আইনগত দিক বিবেচনা করে পরবর্তী পদক্ষেপ নেবেন বলে জানান তিনি।'


প্রসঙ্গ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অপসারণসহ বিভিন্ন দাবিতে কোম্পানির কর্মকর্তা-কর্মচারীরা গত ২৮ এপ্রিল থেকে আন্দোলন শুরু করে। গত মঙ্গলবার (০৬ মে) ঈশ্বরদী শহরে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেন তারা। পরদিন বুধবার (০৭ মে) রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের ভেতরে কোম্পানির অফিসে তারা অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।