২৫ কার্তিক, ১৪৩৩
১০ নভেম্বর, ২০২৬

মানুষের মূল্যবোধের বাজারে মানুষই আজ পণ্য!

Admin Published: November 9, 2026, 11:03 pm
মানুষের মূল্যবোধের বাজারে মানুষই আজ পণ্য!

নুরুজ্জামান : মানুষের জীবনে অর্থের প্রয়োজন আছে , স্বার্থের বাস্তবতা আছে , আছে ব্যক্তিগত চাওয়া-পাওয়ার হিসাব। কিন্তু সেই হিসাবের কাছে যখন আবেগ , বিবেক, বিশ্বাস ও মানবিকতা পরাজিত হয় , তখন সমাজের ভেতরে নীরবে তৈরি হয় এক গভীর সংকট। বর্তমান সময়ে আমাদের চারপাশের সামাজিক বাস্তবতা পর্যবেক্ষণ করলে এমন প্রশ্নই সামনে আসে , মানুষ কি ক্রমেই মানুষের মূল্য দিতে ভুলে যাচ্ছে ?


একসময় মানুষের পরিচয় ও মর্যাদা নির্ধারিত হতো তার সততা, আচরণ, ব্যক্তিত্ব ও মানবিক গুণাবলির ভিত্তিতে। মানুষের বিপদে পাশে দাঁড়ানো, সম্পর্কের প্রতি দায়িত্বশীল থাকা কিংবা নিঃস্বার্থভাবে কারও উপকার করা ছিল সামাজিক মূল্যবোধের স্বাভাবিক প্রকাশ। সময়ের পরিবর্তনে মানুষের জীবনযাত্রা যেমন বদলেছে , তেমনি বদলেছে সম্পর্কের ধরন , চিন্তা-ভাবনা ও পারস্পরিক মূল্যায়নের মানদণ্ড।বর্তমানে অর্থনৈতিক সামর্থ্য , সামাজিক অবস্থান , পেশাগত পরিচয় ও ক্ষমতার প্রভাব অনেক ক্ষেত্রে মানুষের মর্যাদা নির্ধারণের প্রধান উপাদান হয়ে উঠেছে। কে কতটা বিত্তশালী, কার কতটা প্রভাব, কে কতটা প্রতিষ্ঠিত-এসব বিবেচনা মানুষের যোগ্যতা ও মানবিক গুণাবলিকেও অনেক সময় আড়াল করে দিচ্ছে। ফলে অর্থবিত্তের বিচারে মানুষকে মূল্যায়নের প্রবণতা বাড়ছে, অথচ একজন মানুষের প্রকৃত পরিচয় যে তার মনুষ্যত্বে, সেই উপলব্ধি ক্রমেই দুর্বল হচ্ছে।


সম্পর্কের ক্ষেত্রেও এই পরিবর্তন স্পষ্ট। বন্ধুত্ব, আত্মীয়তা কিংবা সামাজিক যোগাযোগ-অনেক ক্ষেত্রেই প্রয়োজন ও প্রাপ্তির হিসাব গুরুত্ব পাচ্ছে। কার সঙ্গে সম্পর্ক রাখলে সুবিধা হবে , কে বিপদে বা প্রয়োজনে কাজে আসবে , কার কাছ থেকে কী পাওয়া যাবে-এমন চিন্তা সম্পর্কের স্বাভাবিক আন্তরিকতাকে প্রশ্নবিদ্ধ করছে। প্রয়োজনের সময় মানুষের কদর বাড়ে , আর প্রয়োজন ফুরিয়ে গেলে অনেক সময় তার গুরুত্বও কমে যায়। অথচ প্রকৃত সম্পর্কের ভিত্তি হওয়ার কথা ছিল পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস ও নিঃস্বার্থ আন্তরিকতা। ভালোবাসার ক্ষেত্রেও প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব কখনো কখনো বড় হয়ে উঠছে। মুখে আন্তরিকতার প্রকাশ থাকলেও আচরণে তার প্রতিফলন সব সময় দেখা যায় না। অনেক ক্ষেত্রে সম্পর্ক টিকিয়ে রাখার চেয়ে নিজের স্বার্থ রক্ষা করাই মুখ্য হয়ে দাঁড়ায়। ফলে মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ বাড়লেও মনের দূরত্ব কমছে কি-না, সে প্রশ্ন থেকেই যায়। সামাজিক যোগাযোগমাধ্যম এই বাস্তবতাকে আরও জটিল করে তুলেছে। এখানে মানুষের পরিচিতি, জনপ্রিয়তা, অনুসারী ও প্রতিক্রিয়ার সংখ্যা অনেক সময় সামাজিক গ্রহণযোগ্যতার মাপকাঠি হয়ে দাঁড়ায়। সুখ, সাফল্য ও মানবিকতার নানা প্রদর্শনী দেখা গেলেও বাস্তব জীবনে মানুষের দুঃখ-কষ্ট উপলব্ধি করা কিংবা বিপদে পাশে দাঁড়ানোর প্রবণতা সব ক্ষেত্রে সমানভাবে দেখা যায় না। ভার্চুয়াল জগতে সহমর্মিতা প্রকাশ করা সহজ, কিন্তু বাস্তবে সেই দায়িত্ব পালন করাই প্রকৃত মানবিকতার পরিচয়।


অবশ্য বর্তমান সমাজের এই পরিবর্তনের পেছনে অর্থনৈতিক বাস্তবতাকেও উপেক্ষা করা যায় না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কর্মসংস্থানের অনিশ্চয়তা, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ মানুষকে অর্থ উপার্জন ও আর্থিক নিরাপত্তার প্রতি অধিক মনোযোগী করেছে। নিজের ও পরিবারের প্রয়োজন মেটাতে অর্থের গুরুত্ব অস্বীকার করার সুযোগ নেই। কিন্তু অর্থ উপার্জনের প্রতিযোগিতায় যদি মানুষ বিবেক, নৈতিকতা ও মানবিক দায়িত্ববোধ হারিয়ে ফেলে, তাহলে সেই অর্জন শেষ পর্যন্ত কতটা অর্থবহ থাকে ? অর্থ মানুষের জীবনকে স্বাচ্ছন্দ্য দিতে পারে, কিন্তু চরিত্রকে মহৎ করতে পারে না। সম্পদ দিয়ে বড় বাড়ি তৈরি করা যায়, কিন্তু বড় হৃদয় তৈরি করা যায় না। ক্ষমতা দিয়ে মানুষের আনুগত্য পাওয়া সম্ভব, কিন্তু আন্তরিক ভালোবাসা অর্জন করা যায় না। তাই মানুষের মূল্যায়নে অর্থনৈতিক অবস্থান নয়, বরং তার সততা, দায়িত্ববোধ, আচরণ ও মানবিকতাকেই গুরুত্ব দেওয়া প্রয়োজন।


একজন শ্রমজীবী মানুষ, কৃষক, পরিচ্ছন্নতাকর্মী কিংবা উচ্চপদস্থ কর্মকর্তা-পেশা ও আর্থিক অবস্থান ভিন্ন হলেও প্রত্যেকেরই সমান মানবিক মর্যাদা রয়েছে। কারও অর্থ কম বলে তিনি অবহেলার পাত্র হতে পারেন না , আবার সম্পদশালী হলেই কেউ অধিক সম্মানের অধিকারী হয়ে যান না। একটি সভ্য সমাজের পরিচয় নির্ধারিত হয় সেখানে মানুষ কতটা সম্মান, নিরাপত্তা ও মর্যাদা নিয়ে বেঁচে থাকতে পারে, তার ওপর । এই বাস্তবতায় আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে আত্মসমালোচনার প্রয়োজন রয়েছে। আমরা অন্যের কাছে সততা প্রত্যাশা করি, কিন্তু নিজেরা কতটা সৎ প্রশ্ন রয়ে যায় ? আমরা ভালোবাসা ও বিশ্বাস চাই, কিন্তু অন্যের প্রতি কতটা দায়িত্বশীল ? আমরা সম্মান পাওয়ার প্রত্যাশা করি, অথচ অন্যকে সম্মান দেওয়ার ক্ষেত্রে কতটা আন্তরিক ? এসব প্রশ্নের উত্তর খোঁজার মধ্য দিয়েই মূল্যবোধের সংকট মোকাবিলার পথ তৈরি হতে পারে।


সমাজের পরিবর্তন শুধু রাষ্ট্রীয় উদ্যোগ কিংবা নীতিনির্ধারণের মাধ্যমে সম্ভব নয়, ব্যক্তির চিন্তা, আচরণ ও দায়িত্ববোধের পরিবর্তনও জরুরি। পরিবারে শ্রদ্ধাবোধ, বন্ধুত্বে আন্তরিকতা, কর্মক্ষেত্রে নৈতিকতা এবং সামাজিক জীবনে সহমর্মিতার চর্চা বাড়াতে হবে। মানুষকে তার প্রয়োজন কিংবা সম্পদের ভিত্তিতে নয় , মানুষ হিসেবে মূল্যায়ন করার মানসিকতা গড়ে তুলতে হবে। শেষ পর্যন্ত মানুষের জীবনের সাফল্য শুধু অর্থসম্পদ , ক্ষমতা কিংবা সামাজিক প্রতিষ্ঠার মধ্যে সীমাবদ্ধ নয়। কত মানুষের বিশ্বাস অর্জন করা গেল, কতজনের দুঃসময়ে পাশে দাঁড়ানো গেল, কতটা সততা ও মানবিকতা নিয়ে জীবন কাটানো গেল, সেই হিসাবও গুরুত্বপূর্ণ । অর্থের মূল্য বাজারে নির্ধারিত হতে পারে, কিন্তু মানুষের প্রকৃত মূল্য কোনো বাজারদরে মাপা যায় না ।