২৫ কার্তিক, ১৪৩৩
০৯ নভেম্বর, ২০২৬

‘বিয়ের’ খবর দিলেন নাজনীন নীহা

Admin Published: November 9, 2026, 1:16 pm
‘বিয়ের’ খবর দিলেন নাজনীন নীহা

ডিএনএন ডেস্ক: ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী নাজনীন নাহার নীহা ব্যক্তিগত জীবন নিয়ে ফের আলোচনায় এসেছেন। এর আগে গত জুন মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘রিলেশনশিপ’ স্ট্যাটাস দিয়ে সম্পর্কের কথা জানালেও তা প্রেম, বাগদান নাকি বিয়ে—সে বিষয়ে এতদিন স্পষ্ট কিছু বলেননি। তবে এবার পবিত্র মক্কা নগরীর মসজিদুল হারামে গিয়ে বিয়ের জোরালো ইঙ্গিত দিলেন এই অভিনেত্রী।


রোববার (৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি ছবি শেয়ার করেন নীহা। ছবি দুটিতে দেখা যায় পবিত্র কাবা শরিফের সামনে দাঁড়িয়ে আছেন নীহা এবং তার এক জীবনসঙ্গী। পেছন থেকে তোলা এই ছবিতে দুজনেরই মুখ কাবা শরিফের দিকে। অপর ছবিটিতে দেখা যায়, একে-অপরের হাত ধরে আছেন তারা, যার ব্যাকগ্রাউন্ডে রয়েছে কাবা শরিফ।


ছবির ক্যাপশনে নিজের নতুন অধ্যায়ের শুরু নিয়ে নীহা লিখেছেন, ‘যে অধ্যায়টি আমরা এতদিন ব্যক্তিগতই রাখতে চেয়েছিলাম; এবার সেই সুন্দর যাত্রার গল্প সবার সঙ্গে ভাগ করে নিতে চাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের যে সুন্দর বন্ধনে আবদ্ধ করেছেন এবং তার পবিত্র ঘরে একসঙ্গে আসার সৌভাগ্য দান করেছেন, তার জন্য অশেষ শুকরিয়া।’ 


ক্যাপশনের একদম শেষে তিনি আরও যোগ করেন, ‘আমাদের এই বন্ধন সবসময় আল্লাহর রহমত ও বরকতে পরিপূর্ণ থাকুক।’


তার এই পোস্ট থেকেই স্পষ্ট ইঙ্গিত মিলেছে যে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।


এর আগে এই রহস্যময় ব্যক্তির সঙ্গেই নেপালে ঘুরতে যাওয়ার গুঞ্জন শোনা গিয়েছিল। নেপাল কিংবা পাকিস্তানি কোনো যুবকের সঙ্গে তার সম্পর্ক রয়েছে—এমন গুঞ্জন এর আগেও চাউর হয়েছিল। তবে এবার বিয়ের ইঙ্গিত দিলেও জীবনসঙ্গীর নাম বা পরিচয় এখনও প্রকাশ করেননি অভিনেত্রী। তার এই পোস্টের কমেন্ট বক্সে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন ও ভালোবাসা জানাচ্ছেন।