২ আশ্বিন, ১৪৩৩
১৭ সেপ্টেম্বর, ২০২৬

বিয়ের খবর জানিয়ে দোয়া চাইলেন উপস্থাপক পায়েল

Admin Published: September 12, 2026, 2:46 pm
বিয়ের খবর জানিয়ে দোয়া চাইলেন উপস্থাপক পায়েল

ডিএনএন ডেস্ক: জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন উপস্থাপক ও মডেল ইসরাত পায়েল। বিয়ে করেছেন এই তারকা ও উদ্যোক্তা। শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের কয়েকটি ছবি প্রকাশ করে নিজেই খবরটি জানিয়েছেন তিনি। 

ছবিতে লাল জমকালো শাড়িতে স্বামী ও পরিবারের সদস্যদের সঙ্গে দেখা গেছে ইসরাত পায়েলকে। ছবি প্রকাশ করে তিনি লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, পরিবারের সম্মতিতে আল-আমিন চৌধুরীর সঙ্গে আমার বিয়ে হয়েছে। এখনকার সময়ে বিয়ে করে সুখে থাকার চেয়ে শেষ পর্যন্ত একসঙ্গে টিকে থাকাটাই বড় চ্যালেঞ্জ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেন শেষ পর্যন্ত একসঙ্গে টিকে থাকতে পারি।’ 

পরে নিজের পোস্টের মন্তব্যের ঘরে বিয়ের সময় নিয়ে পরিষ্কার করেন পায়েল। তিনি লেখেন, ‘বিয়ে বেশ কয়েক দিন আগেই হয়েছে! তাই কয়দিন টিকবে—এই প্রশ্ন প্রযোজ্য নয়। আল্লাহ যদি চান, সারাজীবন টিকে যাবে। আর না চাইলে এখনই সব শেষ। দোয়া করবেন আমাদের জন্য।’ 


জানা গেছে, ইসরাত পায়েলের স্বামী আল-আমিন চৌধুরী একজন ব্যবসায়ী। যুক্তরাজ্যে বেশ কয়েকটি ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তিনি।


দীর্ঘদিন ধরে দেশের ছোট পর্দা ও বড় বড় আয়োজনে উপস্থাপনায় নিয়মিত দেখা গেছে ইসরাত পায়েলকে। ২০১৫ সালে আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস হেরিটেজ ইন্টারন্যাশনাল’-এ সাফল্য অর্জনের মাধ্যমে আলোচনায় আসেন তিনি। একই বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপের বিভিন্ন আয়োজন উপস্থাপনা করে দর্শকদের নজর কাড়েন।


এরপর দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে উপস্থাপক হিসেবে নিয়মিত কাজ করেছেন পায়েল। উপস্থাপনার পাশাপাশি মডেলিং ও উদ্যোক্তা হিসেবেও নিজের পরিচিতি তৈরি করেছেন তিনি। এবার ব্যক্তিজীবনের নতুন অধ্যায় শুরু করে স্বামীর সঙ্গে সুখী দাম্পত্য জীবনের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এই উপস্থাপক।