২৪ কার্তিক, ১৪৩৩
০৮ নভেম্বর, ২০২৬

ডেঙ্গু আক্রান্ত আরও ১৩৮ জন হাসপাতালে ভর্তি

Admin Published: July 11, 2025, 6:23 pm
ডেঙ্গু আক্রান্ত আরও ১৩৮ জন হাসপাতালে ভর্তি

ডিএনএন ডেস্ক: ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩৮ রোগী। এ সময়ের মধ্যে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।শুক্রবার (১১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে গত ২৪ ঘণ্টায় বরাবরের মতো বরিশাল বিভাগে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যার তথ্য উঠে আসে। এ সময় বিভাগটিতে আক্রান্ত হয়েছেন সর্বোচ্চ ৬০ জন।


নতুন আক্রান্ত রোগীদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫ জন। ঢাকা বাদে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১১৩ জন।


চলতি বছর ১ জানুয়ারি থেকে গত বুধবার (৯ জুলাই) পর্যন্ত ডেঙ্গুতে মোট ৫৪ জন মারা গেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ২১ জনের মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি)।


এ সময়ে বরিশাল বিভাগে ১৪ জন ছাড়াও ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) পাঁচজন, চট্টগ্রাম ও খুলনা বিভাগে চারজন করে ৮ জন, রাজশাহী বিভাগে দুজন এবং ময়মনসিংহ ও ঢাকা বিভাগে একজন করে মোট দুজন ডেঙ্গুতে মারা গেছেন।


২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৫৭৫ জন।


এর আগে ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।