২৩ কার্তিক, ১৪৩৩
০৭ নভেম্বর, ২০২৬

যেসব স্লোগানে উত্তাল হয়েছিল ৭ নভেম্বরের রাজপথ

Admin Published: November 7, 2026, 3:05 pm
যেসব স্লোগানে উত্তাল হয়েছিল ৭ নভেম্বরের রাজপথ

ডিএনএন ডেস্ক: ‘সিপাহি-জনতা ভাই ভাই, জিয়ার মুক্তি চাই’, ‘সিপাহি বিপ্লব জিন্দাবাদ, জেনারেল জিয়া জিন্দাবাদ’, ‘সৈনিক সৈনিক ভাই ভাই, অফিসারদের রক্ত চাই’। এমন সব স্লোগানে ১৯৭৫ সালের ৭ নভেম্বর উত্তাল হয়ে উঠেছিল ঢাকার রাজপথ ও সেনানিবাস। ব্যারাক ছেড়ে রাজপথে নেমে এসেছিলেন সাধারণ সৈনিকেরা। তাদের সঙ্গে যোগ দেন সাধারণ মানুষ। স্লোগানে স্লোগানে ছড়িয়ে পড়ে বিদ্রোহের বার্তা। একপর্যায়ে গৃহবন্দি অবস্থা থেকে মুক্ত করা হয় তৎকালীন সেনাপ্রধান জেনারেল জিয়াউর রহমানকে। সেদিনের সেই স্লোগানগুলো কেবল ক্ষোভ কিংবা মুক্তির দাবি ছিল না, বরং দেশের তৎকালীন রাজনৈতিক ও সামরিক পরিস্থিতির গভীর টানাপোড়েনেরও প্রতিফলন।


৬ নভেম্বর রাত থেকে ৭ নভেম্বরের প্রথম প্রহরে ঢাকা সেনানিবাসে সাধারণ সৈনিকদের মধ্যে বিদ্রোহের সূচনা হয়। ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’ এবং ‘সিপাহি-জনতা ভাই ভাই, জিয়াউর রহমানের মুক্তি চাই’ স্লোগানে মুখর হয়ে ওঠে সেনানিবাস। বিদ্রোহের খবর দ্রুত ছড়িয়ে পড়ে রাজধানীতে। সাধারণ মানুষও রাজপথে নেমে আসেন। সৈনিক ও জনতার মধ্যে তৈরি হয় সংহতি। ট্যাংকের ওপর উঠে জাতীয় পতাকা ওড়ানোর পাশাপাশি আধিপত্যবাদবিরোধী স্লোগান দিতে থাকেন তারা।


‘সিপাহি বিপ্লব জিন্দাবাদ, জেনারেল জিয়া জিন্দাবাদ’ স্লোগান দিতে দিতে বিদ্রোহী সৈনিকেরা এগিয়ে যান জিয়াউর রহমানের বাসভবনের দিকে। সেখানে গিয়ে তাকে গৃহবন্দিত্ব থেকে মুক্ত করেন তারা। এ সময় সেনানিবাস ও রাজপথে প্রতিধ্বনিত হতে থাকে ‘সিপাহি-সিপাহি ভাই ভাই’ এবং ‘জেনারেল জিয়াউর রহমান জিন্দাবাদ’ স্লোগান।


জনতার কণ্ঠেও তখন একই দাবি, ‘সিপাহি-জনতা ভাই ভাই, জেনারেল জিয়া জিন্দাবাদ’। সেদিনের স্লোগানে একদিকে যেমন জিয়াউর রহমানের মুক্তির দাবি সামনে এসেছিল, অন্যদিকে তেমনি প্রকাশ পেয়েছিল সেনাবাহিনীর অভ্যন্তরীণ অসন্তোষ ও তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জনমনে তৈরি হওয়া নানা প্রতিক্রিয়া।


মুক্তির পর ৮ নভেম্বর থেকে জিয়াউর রহমান সেনানিবাসে সৈনিকদের সঙ্গে সরাসরি কথা বলতে শুরু করেন। বিভিন্ন সমাবেশে সেনাবাহিনীর চেইন অব কমান্ড পুনঃপ্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেন। বিকেলে চতুর্থ বেঙ্গলের লাইনের কাছে ঢাকা সেনানিবাসের সৈনিকদের উদ্দেশে বক্তব্য দেন তিনি।


সে সময় সেনানিবাসের অধিকাংশ সৈনিক ছিলেন সশস্ত্র। জিয়াউর রহমান দৃঢ়কণ্ঠে তাদের অস্ত্র জমা দিয়ে নিজ নিজ ব্যারাকে ফিরে যাওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে সৈনিকদের ন্যায্য দাবি-দাওয়া মেনে নেওয়ার আশ্বাস দেন।


১৯৭৫ সালের ৭ নভেম্বরের সেই ঘটনাপ্রবাহে স্লোগান ছিল বিদ্রোহের ভাষা, সংহতির প্রকাশ এবং রাজনৈতিক অবস্থানের প্রতিফলন। ‘সিপাহি-জনতা ভাই ভাই’ থেকে ‘জেনারেল জিয়া জিন্দাবাদ’, প্রতিটি স্লোগানই ধারণ করেছিল সেই সময়ের অস্থিরতা, আকাঙ্ক্ষা ও ক্ষমতার পালাবদলের বার্তা। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দিনটি তাই জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে বিশেষ তাৎপর্য বহন করে।