২২ কার্তিক, ১৪৩৩
০৬ নভেম্বর, ২০২৬

মোটরসাইকেলে এসে মাইক্রোবাস থামিয়ে ব্যবসায়ীকে গুলি

Admin Published: November 6, 2026, 10:14 pm
মোটরসাইকেলে এসে মাইক্রোবাস থামিয়ে ব্যবসায়ীকে গুলি

ডিএনএন ডেস্ক: কক্সবাজারে চলন্ত মাইক্রোবাসের গতিরোধ করে এক ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দুপুরে সদর উপজেলার খুরুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ব্যবসায়ী মাহমুদুল হকের অবস্থা আশঙ্কাজনক। তাকে কক্সবাজার সদর হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


শুক্রবার বেলা ১২টার দিকে খুরুলিয়া রশিদ মেম্বারের গ্যাস পাম্পের সামনে এ ঘটনা ঘটে।


আহত মাহমুদুল হকের বাড়ি কক্সবাজার সদর উপজেলার লিংকরোড এলাকায়। নিরাপত্তাহীনতার কারণে বেশ কিছুদিন ধরে তিনি পরিবার নিয়ে শহরের হাশেমিয়া মাদ্রাসা এলাকায় বসবাস করছেন।


মাহমুদুল হক জানান, শুক্রবার দুপুরে ব্যবসায়িক কাজে নোয়া গাড়ি নিয়ে রামু যাচ্ছিলেন তিনি। পথে খুরুলিয়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে আসা ছয় ব্যক্তি তার গাড়ির সামনে অবস্থান নিয়ে গতিরোধ করেন। বিপদের আশঙ্কায় গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করলে তাকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়া হয়। এতে তার পিঠ, কোমরসহ শরীরের বিভিন্ন স্থানে গুলি লাগে। একটি গুলি শরীরের ভেতরে রয়ে গেছে।


পরে দুর্বৃত্তরা পালিয়ে গেলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।


হামলার জন্য লিংকরোড এলাকার বিএনপি নেতা লিয়াকত আলী ও তার স্বজনদের দায়ী করেছেন মাহমুদুল হক। তিনি বলেন, জমি নিয়ে লিয়াকত আলীর সঙ্গে আমার দীর্ঘদিনের বিরোধ রয়েছে। ৫ আগস্টের পর এলাকা ছাড়তে বাধ্য হয়েছি। ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলীর ভাই জায়েদ, কিতাব আলী ও ওয়াদুদ আলী এবং তাদের সহযোগী নাসেরসহ ছয়জন এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেন তিনি।


এ বিষয়ে বক্তব্য জানতে ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলীকে মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।


কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গুলির ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের কয়েকটি দল কাজ করছে।


এর আগে গত ২৪ মে কক্সবাজার আদালত চত্বরে প্রকাশ্যে অস্ত্র নিয়ে গুলিবর্ষণের ঘটনা ঘটে। ওই ঘটনায় বিএনপি নেতা লিয়াকত আলী ও তার ভাই জায়েদের নেতৃত্বে প্রতিপক্ষের লোকজনের ওপর গুলি চালানোর অভিযোগ ওঠে। এতে একজন গুলিবিদ্ধ হয়েছিলেন।